দেশজুড়ে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা University Grants Commission পরিচালিত ইউজিসি নেটের জুন ২০২৬ পর্বের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ২০ মে পর্যন্ত। এ বছর পরীক্ষায় সবচেয়ে বড় চমক হল নতুন বিষয় হিসেবে যুক্ত হয়েছে ‘স্ট্যাটিস্টিক্স’ বা রাশিবিজ্ঞান। ফলে এখন মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
National Testing Agency আয়োজিত এই পরীক্ষা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পাওয়ার অন্যতম যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হিসেবে পরিচিত। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেশজুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
আবেদনপত্র জমা দেওয়ার পরে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগ মিলবে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত। পরীক্ষার শহর সংক্রান্ত তথ্য ১০ জুনের মধ্যে প্রকাশ হতে পারে এবং অ্যাডমিট কার্ড প্রকাশের সম্ভাব্য দিন ১৫ জুন।
আবেদন করতে পরীক্ষার্থীদের যেতে হবে UGC NET Official Website ওয়েবসাইটে। সেখানে প্রথমে নতুন রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড এবং আবেদনমূল্য জমা দেওয়ার পর ‘সাবমিট’ করলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া।
আবেদনমূল্যও নির্দিষ্ট করা হয়েছে শ্রেণিভেদে। অসংরক্ষিত ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১,১৫০ টাকা, ওবিসি-এনসিএল, তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ৩২৫ টাকা ধার্য করা হয়েছে।