সরকারি ব্যাঙ্কে কাজ শেখার পাশাপাশি মাসিক ভাতা পাওয়ার সুযোগ এনে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। সম্প্রতি শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI। দেশ জুড়ে মোট ৭,১৫০ জন শিক্ষানবিশ নেওয়া হবে, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই নিয়োগ করা হবে ৪৬০ জনকে।
শিক্ষানবিশ আইন, ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই সময় প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
অনলাইন পরীক্ষা এবং অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ব্যাঙ্কিং ক্ষেত্রের প্রাথমিক জ্ঞান, সাধারণ বুদ্ধিমত্তা ও ভাষাগত দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
কী ভাবে আবেদন করবেন? আবেদন করতে হবে SBI-র সরকারি ওয়েবসাইটে গিয়ে। SBI Official Website https://sbi.bank.in/, এর হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড এবং আবেদনমূল্য জমা দেওয়ার পর সম্পূর্ণ হবে আপনার আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।