উচ্চশিক্ষা এবং গবেষণার জগতে নতুন সুযোগ এনে দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের তরফে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজির অর্থানুকূল্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী।
এই গবেষণা প্রকল্পের মেয়াদ আপাতত তিন বছর হলেও প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। নির্বাচিত গবেষককে প্রতি মাসে ২৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। ফলে যাঁরা গবেষণার ক্ষেত্রে নিজেদের কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি হতে পারে বড় সুযোগ।
আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞানের যে কোনও বিষয়ে এমএসসি এবং বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। এছাড়াও কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে তার আগে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে। আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর বাছাই করা প্রার্থীদের ডাকা হবে সাক্ষাৎকারের জন্য। আগামী ১ জুন সকাল ১১টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.presiuniv.ac.in/) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দেখে নেওয়া যেতে পারে।