চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে (NICL) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। সংস্থার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের আওতায় মোট ২০০ জনকে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। মোট শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ১০টি আসন।
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে নিয়মিত পূর্ণ সময়ের স্নাতক হতে হবে। ১ এপ্রিল ২০২৬-এর মধ্যে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। তবে স্নাতকোত্তর বা ইন্টিগ্রেটেড স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুযায়ী প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে।
তবে আগে কোনও সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ নিয়ে থাকলে আবেদন করা যাবে না। পাশাপাশি, ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী এক বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলেও প্রার্থী আবেদন করতে পারবেন না। একজন আবেদনকারী কেবল একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের ওয়েবসাইট https://nats.education.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর। যোগ্যতা, বয়সের ছাড় এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে NICL-এর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।