Calcutta Television Network

রেলে ৪৬৫১টি শিক্ষানবীশ পদে নিয়োগ, দশম ও ITI পাশেই সুযোগ, দিতে হবে না লিখিত পরীক্ষা

রেলে ৪৬৫১টি শিক্ষানবীশ পদে নিয়োগ, দশম ও ITI পাশেই সুযোগ, দিতে হবে না লিখিত পরীক্ষা
14 November 2026 • 11:22:08 am

 রেলে চাকরির স্বপ্ন দেখছেন? তা হলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুযোগ। সম্প্রতি নর্দার্ন রেলওয়ে ৪৬৫১টি শিক্ষানবীশ বা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশের পাশাপাশি আইটিআই (ITI) উত্তীর্ণ হতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। দশম শ্রেণি ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রার্থী বাছাই করা হবে।

 কোথায় কত শূন্যপদ?

 প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৬৫১টি শূন্যপদের মধ্যে লখনউ ক্লাস্টারে ১৫২৫টি, দিল্লিতে ১৩১২টি, ফিরোজপুরে ৭৪০টি, আম্বালায় ৯৭৯টি, মোরাদাবাদে ৬৩টি এবং জম্মু ক্লাস্টারে ৩২টি পদ রয়েছে।

 কারা আবেদন করতে পারবেন?

 আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি NCVT বা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

 কী ভাবে আবেদন করবেন?

 আগ্রহী প্রার্থীদের RRC-NR-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের সময়সীমা ১১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৬।

 অন্য দিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ১২৬৫টি স্টেশন মাস্টার পদেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি এবং ২০ থেকে ৩৩ বছর বয়স প্রয়োজন। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। আবেদন করতে হবে rrbapply.gov.in ওয়েবসাইটে।