সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন তরুণদের জন্য বড় সুযোগ এনে দিল ভারতীয় রেলওয়ে। রেলের দক্ষিণ মধ্য শাখার সম্প্রতি বিপুল সংখ্যক শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২,৮০১টি শূন্যপদে প্রশিক্ষণার্থীদের নেওয়া হবে। বিশেষ করে যারা দশম শ্রেণি পাশ করেছেন এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে চান, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষানবিশদের নির্দিষ্ট মাসিক ভাতা (স্টাইপেন্ড) দেওয়া হবে। ফলে কাজ শেখার পাশাপাশি কিছু আর্থিক সহায়তাও মিলবে।
এই শিক্ষানবিশ কর্মসূচিতে আবেদন করতে হলে প্রার্থীদের বিভিন্ন প্রযুক্তিগত ট্রেডে আইটিআই (Industrial Training Institute) পাশ থাকতে হবে। উল্লেখযোগ্য ট্রেডগুলির মধ্যে রয়েছে- ওয়েল্ডার, মেকানিস্ট, পেন্টার, মোটর মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান এবং এসি মেকানিক। অর্থাৎ যারা ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের জন্য রেলের মতো বৃহৎ প্রতিষ্ঠানে কাজ শেখার দরজা খুলে যাচ্ছে।
আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। পাশাপাশি মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না; বরং মাধ্যমিক ও আইটিআই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা।
নির্বাচিত শিক্ষানবিশদের তেলঙ্গানা,মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের বিভিন্ন রেল দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ ১১ এপ্রিল। বিস্তারিত তথ্য জানতে দক্ষিণ-মধ্য রেলের সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।