চাকরির বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই বদলাচ্ছে নিয়োগের ধরন। শুধু শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতা নয়, একজন চাকরিপ্রার্থীর অতিরিক্ত দক্ষতাও এখন নিয়োগকর্তাদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ফলে চাকরির আবেদন করার আগে নিজের বায়োডেটা বা সিভি আকর্ষণীয় করে তোলা অত্যন্ত জরুরি। কারণ, নিয়োগকর্তার কাছে প্রার্থীর প্রথম পরিচয়ই তৈরি করে এই জীবনপঞ্জি।
বর্তমানে প্রায় প্রতিটি কর্মক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তাই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং গুগ্ল ওয়ার্কস্পেসের মতো সফটওয়্যার ব্যবহারের দক্ষতা সিভিতে উল্লেখ করা প্রয়োজন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারের অভিজ্ঞতাও বাড়তি গুরুত্ব পেতে পারে। তথ্য বিশ্লেষণ, লেখার খসড়া তৈরি কিংবা কাজের গতি বাড়াতে এআই ব্যবহারের দক্ষতা চাকরিপ্রার্থীকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে।
তবে প্রযুক্তিগত দক্ষতাই শেষ কথা নয়। কর্মক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলা, ইমেল লেখা, উপস্থাপনা এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা, বিশ্লেষণী চিন্তাভাবনা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা নিয়োগকর্তাদের নজর কাড়তে পারে।
একই সঙ্গে সময়ের সঠিক ব্যবহার, কাজের পরিকল্পনা এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও বায়োডেটাকে আরও শক্তিশালী করে। নতুন সফটওয়্যার শেখা, প্রশিক্ষণ বা অনলাইন কোর্সে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকলেও তা উল্লেখ করা যেতে পারে।
তবে বিশেষজ্ঞ পরামর্শের মূল কথা হল, সিভিতে অপ্রয়োজনীয় দক্ষতার দীর্ঘ তালিকা না রাখাই ভাল। বরং সংশ্লিষ্ট চাকরির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা তুলে ধরতে হবে। শুধু দক্ষতার কথা লিখলেই চলবে না, আগের কাজ, ইন্টার্নশিপ কিংবা বিভিন্ন প্রকল্পের উদাহরণ দিয়ে তার প্রমাণও দিতে হবে। মনে রাখতে হবে, সুন্দর সিভি শুধু প্রথম দরজা খুলে দেয়, যোগ্যতা ও দক্ষতাই শেষ পর্যন্ত চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।