Calcutta Television Network

জানেন কি, মা দুর্গার মর্ত্যে আসা যাওয়ার বাহন বদল হয় কেন?

জানেন কি, মা দুর্গার মর্ত্যে আসা যাওয়ার বাহন বদল হয় কেন?
15 October 2026 • 04:08:02 pm

নতুন বছরের পঞ্জিকা হাতে পেয়েই আমরা কম বেশী সকলেই এক নজরে দেখেনি দুর্গা পূজার নির্ঘন্ট।  বাঙালী হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা,তাই সকলেই উৎসুক হয়ে দেখেন মা দুর্গা এ বছর কৈলাস থেকে মর্ত্যে কোন বিশেষ  বাহনে চড়ে আসছেন। প্রতি বছর একই বাহনে আসেন না,বাহনের বদল হয়। অনেকেরই ধারনা নেই, মা দুর্গার আগমন ও গমনের এই বাহন কিভাবে নির্ধারিত হয়? আজ জানাব সেই তথ্য। সনাতন ধর্ম ও হিন্দু শাস্ত্র এবং পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গার নিজস্ব বাহন সিংহ থাকা সত্ত্বেও মর্ত্যলোকে  আগমন ও গমনের জন্য ৪টি বিশেষ বাহন নির্ধারিত রয়েছে।

দেবী প্রতি বছর কোন বাহনে মর্ত্যে আসবেন বা স্বর্গে ফিরে যাবেন, তা নির্ভর করে দুর্গাপূজার সপ্তমী ও দশমী তিথি সপ্তাহের কী বারে পড়ছে, তার ওপর।   মা দুর্গার মর্ত্যে আগমনের বাহন ও গমনের বাহন এবং তার গুরুত্ব আলোচনা করা হলোঃ

১) গজ বা হাতিতে আগমনঃ  শাস্ত্র অনুসারে, পূজার সপ্তমী তিথি যদি রবিবার বা সোমবার হয়, তবে দেবীর আগমন ঘটে গজে বা হাতিতে। হাতির পিঠে চড়ে মায়ের আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পৃথিবী শস্য-শ্যামলা হয়ে ওঠে, বৃষ্টিপাত ভালো হয় এবং মর্ত্যলোক সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।

গজ বা হাতিতে গমনঃ আবার দশমী তিথি যদি রবিবার বা সোমবার গজ (হাতি) বসুন্ধরা শস্যশ্যামলা হয়ে ওঠে, সুখ ও শান্তি বজায় থাকে।

২) ঘোটক বা ঘোড়ায় আগমনঃ সপ্তমী তিথি যদি শনিবার বা মঙ্গলবার হয়, তবে দেবীর আগমন বাহন হয় ঘোটক বা ঘোড়া। ঘোড়ায় আগমনকে শাস্ত্রীয় মতে অশুভ বা সামাজিক অস্থিরতার প্রতীক ধরা হয়। এর ফল হলো ছত্ৰভঙ্গ, অর্থাৎ যুদ্ধবিগ্রহ, খরা বা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেয়। (যেমন: এই বছর অর্থাৎ ২০২৬ সালের দুর্গাপূজায় মায়ের আগমন ঘটেছে ঘোড়ায়)।

ঘোটক বা ঘোড়ায় গমনঃ তেমনি আবার দশমী তিথি যদি শনিবার বা মঙ্গলবার তবে মা দুর্গা ঘোটকে (ঘোড়া) গমন করেন, ফলে সমাজে অস্থিরতা বৃদ্ধি, যুদ্ধ-বিগ্রহ বা বিনাশের আশঙ্কা।

৩) দোলা বা পালকিতে আগমনঃ সপ্তমী তিথি যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয়, তবে মা দুর্গা মর্ত্যে আসেন দোলা বা পালকিতে চড়ে। পালকিতে আগমনকেও শুভ সংকেত ধরা হয় না। শাস্ত্রমতে এর ফল "মড়ক" বা মহামারি, অর্থাৎ রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

দোলা বা পালকিতে গমনঃ অবিকল দুর্গা পুজার দশমী তিথি যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তবে মা দুর্গা দোলা বা পালকিতে গমন করেন। ফলে; মহামারী, মড়ক ও নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।

৪) নৌকায় আগমনঃ  পূজার সপ্তমী তিথি যদি বুধবার হয়, তবে দেবীর মর্ত্যে আগমন ঘটে নৌকায়। নৌকায় আগমন বন্যা বা অতিবৃষ্টির সম্ভাবনা যেমন বাড়ায়, তেমনই এটি উর্বরতা ও ভালো ফলনের মাধ্যমে শেষ পর্যন্ত সমৃদ্ধিও বয়ে আনে।

নৌকায় গমনঃ তেমনি পূজার দশমী তিথি যদি বুধবার হয় তবে মা দুর্গা নৌকায় গমন করেন অতিবৃষ্টি বা বন্যার ইঙ্গিত দেয়, তবে জল প্লাবনের সাথে পলিমাটি জমে শস্যবৃদ্ধি ও সমৃদ্ধিরও কারণ হয়।