Calcutta Television Network

লক্ষ্মী পুজো তো করেন, জানেন কি, লক্ষ্মী কে? কিভাবে তিনি বিষ্ণুকে বিয়ে করেছিলেন?

লক্ষ্মী পুজো তো করেন, জানেন কি, লক্ষ্মী কে? কিভাবে তিনি বিষ্ণুকে বিয়ে করেছিলেন?
23 October 2026 • 02:20:05 pm

হিন্দু বাঙালী পরিবারে কমবেশী সকলের বাড়িতেই লক্ষ্মী পূজা হয়ে থাকে। কিছু পরিবার দুর্গা পূজার পর পূর্ণিমাতে লক্ষ্মী পূজা করেন,যাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। জানেন কি লক্ষ্মী কে?  কিভাবে তাঁর জন্ম হয়েছিল? কিভাবে তিনি বিষ্ণুকে বিয়ে করেছিলেন? আজ জানাব সেই তথ্য।

 শ্রী প্রজাপতি ব্রহ্মা জগৎ সৃষ্টির পর ধন-সম্পদ,  ঐশ্বর্য সৌন্দর্য ও সৌভাগ্য প্রদানের জন্য সৃষ্টি করলেন অপরূপ সৌন্দর্যের এক দেবী মূর্তি, তিনি হলেন দেবী লক্ষ্মী। আবার স্কন্দ পুরাণ অনুসারে, ঋষি ভৃগু মুনির স্ত্রী খ্যাতির গর্ভে  লক্ষ্মী দেবীর জন্ম হয়েছিল। তিনি  বিষ্ণুকে  স্বামী রূপে পাওয়ার জন্য সমুদ্রের গভীরে প্রবেশ করে বহুকাল কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। সেই সময় ইন্দ্র-সহ অন্য দেবতারা বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর নিকট উপস্থিত হলে লক্ষ্মী দেবী তাঁদেরকে বিশ্বরূপ দেখাতে বলেন। কারণ লক্ষ্মী দেবী জানতেন, একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখাতে সক্ষম। অন্য দেবতারা বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে চলে যান। তারপর লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু নিজে লক্ষ্মীর নিকট উপস্থিত হন এবং তাঁর ইচ্ছায় বিশ্বরূপ দেখান। তারপর মহর্ষি ভৃগু তাঁর কন্যা লক্ষ্মীকে বিষ্ণুর হস্তে সমর্পণ করেন। এভাবে লক্ষ্মী দেবী বিষ্ণুপত্নী হলেন। যদিও বাঙালির কাছে ঘরের মেয়ে উমার কন্যা লক্ষ্মী। তাঁরই আরাধনায় কোজাগরী পূর্ণিমায় মেতে উঠবে বাংলার মানুষ। ঈশ্বরী পাটনির মতোই প্রত্যেকেরই প্রার্থনা একটাই- "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে"। তিনি পদ্মাসনা আর বাহন শ্বেত পেঁচা। জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীর হেমন্তে আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে।