Calcutta Television Network

শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন কেন?

শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে আবির্ভূত হলেন কেন?
31 August 2026 02:22:51 pm

আর কয়েক দিন পরেই জন্মাষ্টমী,ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি। হিন্দু শাস্ত্র ও বৈষ্ণব ধর্ম মতে শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার। প্রশ্ন হল শ্রীবিষ্ণু কেন কৃষ্ণ রূপে পৃথিবীতে আবির্ভূত হলেন? আজ জানাব সেই তথ্য।

 হিন্দু সনাতন ধর্মের আদর্শ ধর্মগ্রন্থ  শ্রীমদ্ভগবদ গীতা অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে আবির্ভূত হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান তিনটি মূল কারণ হল। গীতায় শ্রীকৃষ্ণ নিজেই তা স্পষ্ট করেছেন - সৎ, ধার্মিক এবং ঈশ্বর ভক্তদের অত্যাচারীদের হাত থেকে রক্ষা করা এবং তাঁদের মনে শান্তি ফিরিয়ে দেওয়া। দুষ্টের দমন করা- কংস, জরাসন্ধ ও শিশুপালের মতো অত্যাচারী অসুর এবং অধার্মিক রাজাদের ধ্বংস করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা। সমাজে যখন অধর্ম বেড়ে গিয়েছিল, তখন সত্য, ন্যায় এবং মানবধর্ম পুনঃপ্রতিষ্ঠা করা।  কুরুক্ষেত্রের যুদ্ধ ক্ষেত্রে অর্জুনকে উপলক্ষ করে মানব জাতিকে জীবন যুদ্ধ জয়ের পরম জ্ঞান 'শ্রীমদ্ভগবদ্গীতা' দান করা।  বৃন্দাবনে ভক্তি ও দিব্য লীলার মাধ্যমে মানব জাতিকে ঈশ্বর প্রেম ও ভক্তির সহজ পথ দেখানো।

কিভাবে কৃষ্ণের জন্ম হল?

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হলো দ্বাপর যুগে মথুরার অত্যাচারী রাজা কংসের বন্দী শালায় শ্রী কৃষ্ণের জন্ম এবং তাঁর অলৌকিক উপায়ে গোকুলে আশ্রয়ের পবিত্র কাহিনী। মথুরার রাজা কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ের সময় আকাশ বাণী হয় যে, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে কংসের মৃত্যু হবে। এই ভবিষ্যৎ বাণী শুনে ভয় পেয়ে কংস দেবকী ও বসুদেবকে কারা বন্দী করেন এবং তাঁদের একে একে প্রথম ছয়টি সন্তান হত্যা করেন। সপ্তম গর্ভের সন্তান বলরাম অলৌকিক উপায়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন। ভাদ্র মাসের দুর্যোগপূর্ণ কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মাঝ রাতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জন্ম নেন দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান শ্রী কৃষ্ণ। 

ঝড় জলের সেই দুর্যোগপূর্ণ রাতে কৃষ্ণের জন্মের পর কারাগারের প্রহরী ও কংসের সেনাদল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আর শিকল ও কারাগারের দরজা মায়াবলে খুলে যায়। বসুদেব নবজাতককে একটি ঝুড়িতে করে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দ ও যশোদার ঘরে রেখে আসেন এবং যশোদার নবজাতক কন্যা মায়াকে নিয়ে কারাগারে ফিরে আসেন। এই ভাবেই শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে ধরাধামে আবির্ভূত হলেন। 


×
  • CTVN