মহাকাশে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু-যাদের অনেকেরই অবস্থান এখনও অজানা। আর সেগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে সম্ভাব্য বিপদ। এমনটাই সতর্কবার্তা দিয়েছে NASA। বিজ্ঞানীদের আশঙ্কা, মাঝারি আকারের এই গ্রহাণুগুলি পৃথিবীতে আছড়ে পড়লে একটি ছোট শহর মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে।
নাসার সদর দফতরের গবেষক Kelly Fast এক বিজ্ঞান সম্মেলনে জানান, প্রায় ১৫ হাজার গ্রহাণু-যাদের প্রস্থ গড়ে ১৪০ মিটার-পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ঘুরছে। কিন্তু সেগুলির অনেককেই এখনও শনাক্ত করা যায়নি। এই কারণেই বিজ্ঞানীরা এগুলিকে ‘সিটি কিলার’ বলে আখ্যা দিচ্ছেন। বড় গ্রহাণু নিয়ে আপাতত চিন্তা কম, কারণ সেগুলির অবস্থান জানা আছে। সমস্যা হচ্ছে মাঝারি আকারের বস্তুগুলি-যেগুলি শক্তিশালী টেলিস্কোপেও ধরা পড়ে না।
Johns Hopkins University-এর অধ্যাপক এবং নাসার গ্রহাণু গবেষণা দলের প্রধান Nancy Chabot সতর্ক করেছেন, হঠাৎ ছুটে আসা গ্রহাণু এড়াতে সক্ষম মহাকাশযান কার্যত নেই বললেই চলে। ফলে শুধু পৃথিবী নয়, কক্ষপথে থাকা উপগ্রহ ও মহাকাশযানও ঝুঁকির মুখে পড়তে পারে।
গত বছর ‘2024 YR4’ নামে একটি গ্রহাণু নজরে আসে, যার আকার ছিল প্রায় একটি ফুটবল মাঠের সমান। প্রথমে ২০৩২ সালে পৃথিবীতে আঘাতের আশঙ্কা করা হলেও পরে গবেষণায় সেই সম্ভাবনা নাকচ করা হয়।
নাসার তথ্য অনুযায়ী, ১৪০ মিটারের বেশি চওড়া গ্রহাণুর মাত্র ৪০ শতাংশের হদিস মিলেছে। বাকিদের খোঁজে জোরদার অভিযান চলছে। কারণ, একটিমাত্র মাঝারি গ্রহাণুও যদি জনবহুল এলাকায় আছড়ে পড়ে, তার প্রভাব ভয়াবহ হতে পারে।