Calcutta Television Network

সমুদ্রের তলায় লুকোনো একেবারে ভিন্ন পৃথিবী!

সমুদ্রের তলায় লুকোনো একেবারে ভিন্ন পৃথিবী!

23 December 2025 , 06:44:45 pm

বারমুডার গভীরে পাওয়া গেছে বিশাল পাথুরে অঞ্চল, পৃথিবীর অন্য কোথাও এমন কিছু নেই। বারমুডা ট্রায়াঙ্গেল- নামটা শুনলেই বহু মানুষের মনে ভেসে ওঠে রহস্য, নিখোঁজ বিমান আর অদ্ভুত সব গল্প। যদিও আধুনিক বিজ্ঞান বহু আগেই প্রমাণ করেছে, বিমান বা জাহাজ নিখোঁজের পেছনে অতিলৌকিক কিছু নেই। কিন্তু রহস্য যে একেবারে নেই, তা-ও নয়। বরং সেই রহস্য লুকিয়ে আছে আরও গভীরে- সমুদ্রের তলায়, পৃথিবীর অভ্যন্তরে।

সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা বারমুডা দ্বীপপুঞ্জের ঠিক নীচে খুঁজে পেয়েছেন এক বিশাল অতিরিক্ত পাথুরে স্তর, যার পুরুত্ব প্রায় ২০ কিলোমিটার (১২.৪ মাইল)। পৃথিবীর আর কোনও অঞ্চলে এমন গঠন আগে কখনও দেখা যায়নি।

সাধারণত সমুদ্রের নীচে প্রথমে থাকে সমুদ্রভূত্বক (oceanic crust), আর তার নিচেই শুরু হয় পৃথিবীর ম্যান্টল। কিন্তু বারমুডার ক্ষেত্রে এই নিয়ম ভেঙে গেছে। এখানে সমুদ্রভূত্বকের নীচে, টেকটোনিক প্লেটের ভেতরেই অবস্থান করছে এই অদ্ভুত পাথুরে স্তর। কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজারের কথায়, 'এই স্তর আমাদের পরিচিত পৃথিবীর গঠনের ধারণার সঙ্গে মেলে না।'

এই আবিষ্কার বারমুডা দ্বীপের দীর্ঘদিনের এক প্রশ্নের সম্ভাব্য উত্তর দিতে পারে। বারমুডা এমন এক জায়গায় অবস্থিত, যেখানে আশপাশের সমুদ্রতলের তুলনায় ভূত্বক অস্বাভাবিকভাবে উঁচু। সাধারণত এমন ঘটনা সক্রিয় আগ্নেয়গিরির ফল- যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ। কিন্তু বারমুডায় শেষ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছিল প্রায় ৩১ মিলিয়ন বছর আগে। তারপর থেকে সেখানে কোনও সক্রিয় আগ্নেয় কার্যকলাপ নেই। তবু দ্বীপটি আজও যেন সমুদ্রের উপর ভেসে রয়েছে।

গবেষকদের ধারণা, সেই শেষ অগ্ন্যুৎপাতের সময় ম্যান্টলের কিছু পাথর উপরে উঠে ভূত্বকের ভেতরে ঢুকে পড়ে। পরে সেগুলি ঠান্ডা হয়ে কম ঘনত্বের শক্ত স্তরে পরিণত হয়। এই স্তরটি একধরনের ভেলার মতো, যা সমুদ্রতলকে প্রায় ৫০০ মিটার উঁচুতে ধরে রেখেছে।

ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি পার্ক ও তাঁর সহকর্মীরা বারমুডায় বসানো সাইসমিক স্টেশনের তথ্য বিশ্লেষণ করে এই স্তরের অস্তিত্ব শনাক্ত করেন। বিশ্বের নানা প্রান্তের ভূমিকম্পের তরঙ্গ যখন এই অঞ্চলের নিচ দিয়ে যায়, তখন তাদের আচরণে যে অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে, সেখান থেকেই এই আবিষ্কার।

এই গবেষণা প্রকাশিত হয়েছে Geophysical Research Letters জার্নালে। বিজ্ঞানীদের মতে, বারমুডার এই অনন্য গঠন ভবিষ্যতে পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে একেবারে নতুন দিশা দেখাতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN