অর্ধশতাব্দীরও বেশি অপেক্ষার অবসান-চাঁদের পথে আবার মানুষ! NASA-র উচ্চাকাঙ্ক্ষী Artemis II মিশন মানব মহাকাশ অভিযানের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। ১৯৭২ সালে Apollo 17-এর পর এই প্রথম মানুষ চাঁদের কাছাকাছি পৌঁছাবে।
এই মিশনে ৪ জন নভোচারী-রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন-ওরিয়ন মহাকাশযানে চেপে চাঁদকে প্রদক্ষিণ করবেন। যদিও এবার চাঁদের মাটিতে নামা হবে না, তবে এই অভিযান ভবিষ্যতের ল্যান্ডিংয়ের প্রস্তুতি।
১ এপ্রিল ২০২৬ (আমেরিকার সময়) ফ্লরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy Space Center) থেকে উৎক্ষেপণ হবে। ভারতীয় সময় অনুযায়ী তা ২ এপ্রিল ভোর প্রায় ৪টে। আবহাওয়া বা প্রযুক্তিগত সমস্যায় ৬ এপ্রিল বা ৩০ এপ্রিল পর্যন্ত বিকল্প সময় রাখা হয়েছে।
নাসার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে লাইভ দেখা যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় সময় রাত প্রায় ১০টা থেকে শুরু হবে কাউন্টডাউন।
এই অভিযানে নভোচারীরা প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে চাঁদের চারপাশে হাই-স্পিড লুপ সম্পন্ন করবেন। মূল লক্ষ্য হল ওরিয়ন ক্যাপসুলের লাইফ-সাপোর্ট সিস্টেম পরীক্ষা করা এবং গভীর মহাকাশে মানুষের সক্ষমতা যাচাই করা।
এই মিশন সফল হলে পরবর্তী ধাপ Artemis III-এ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা রয়েছে। এমনকি ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি গড়া এবং মঙ্গল অভিযানের পথও খুলে যাবে।