মহাকাশে এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার বয়স এখনও ১০ লক্ষ বছরও পার হয়নি। এখনও নিজের গঠন সঠিকভাবে সম্পূর্ণ করে উঠতে পারেনি সে। ধুলো, গ্যাস, বরফ এবং পাথরের উপাদানের মধ্যে থেকে ধীরে ধীরে নিজের প্রতিকৃতি তৈরি করছে সে। নতুন এই গ্রহটির নাম ‘এলিয়াস ২-২৪বি’। বিজ্ঞানীদের হাতে এখনও পর্যন্ত যত কমবয়সি গ্রহের সন্ধান এসেছে, তাদের মধ্যে এটিই সবচেয়ে স্বল্পবয়সি বলে মনে করা হচ্ছে। নাসার পুরনো মহাকাশ-তথ্য নতুন করে খতিয়ে দেখার কাজ চলছিল, তখনই গ্রহটির সন্ধান মেলে। জানা গিয়েছে, এটি ‘এলিয়াস ২-২৪’ নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে। পৃথিবী থেকে যে নক্ষত্রের দূরত্ব প্রায় ৪৫০ আলোকবর্ষ। নতুন গ্রহটি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ। চিলির ইউনিভার্সিদাদ দিয়েগো পোরটেলসের গবেষক আন্দ্রিয়া বার্নার্দির নেতৃত্বে এই গবেষণাটি করা হয়েছে। নাসার বিজ্ঞানীদের সহযোগিতায় গ্রহটির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষকদের ধারণা, এলিয়াস ২-২৪বি এখনও প্রস্তুত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
তার চারপাশে থাকা পদার্থ থেকেই সে ক্রমে নিজের শরীর গঠন করছে। ফলে এই গ্রহ পর্যবেক্ষণ করা বিজ্ঞানীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এর গঠন ও পরিবর্তন পর্যবেক্ষণ করে পৃথিবীর জন্মের একেবারে প্রথম দিকের পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। গ্রহটির সন্ধান পাওয়ার পিছনেও রয়েছে বিশেষ কিছু সূত্র। কোনও নবীন গ্রহ যখন তার কক্ষপথের নক্ষত্রকে প্রদক্ষিণ করে, তখন তার চারপাশের ধুলো ও গ্যাসের মধ্যে একটি ফাঁকা অঞ্চল তৈরি হয়। সেই ধরনের একটি ফাঁক নজরে আসার পরই বিজ্ঞানীরা এলিয়াস ২-২৪বির অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন। গবেষক লুকাস সিয়েজ়া জানিয়েছেন, এর আগে যে সবচেয়ে কম বয়সি গ্রহটির সন্ধান পাওয়া গিয়েছিল, তার বয়স ছিল প্রায় ৫০ লক্ষ বছরের কাছাকাছি। সেই তুলনায় এলিয়াস ২-২৪বি অনেকটাই নবীন গ্রহ। এই গ্রহের উপস্থিতি বিজ্ঞানীদের একটি নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, গ্রহ কি আগের ধারণার তুলনায় অনেক দ্রুত তৈরি হওয়া সম্ভব? নক্ষত্রের জন্মের সময় মহাকাশে থাকা গ্যাস ও ধুলোর বিপুল অংশ থেকেই পরবর্তী সময়ে একটি গ্রহ তৈরি হয়।
কিন্তু এই প্রক্রিয়াটি সরাসরি দেখা অত্যন্ত জটিল। নবীন গ্রহগুলি সাধারণত ঘন ধুলো ও গ্যাসের আড়ালে নিমজ্জিত থাকে। ফলে সাধারণ টেলিস্কোপে তাদের শনাক্ত করা যায় না। নতুন গ্রহ শনাক্ত করার একটি পরিচিত পদ্ধতি হল, কোনও গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার সময় সেই নক্ষত্রের আলো সামান্য কমে যায়, আলো কমার এই পরিবর্তন বিশ্লেষণ করেই গ্রহের উপস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পান বিজ্ঞানীরা। তবে গ্রহটি যদি ধুলোর আড়ালে থাকে বা নক্ষত্র থেকে অনেক দূরে অবস্থান করে, তখন তাকে শনাক্ত করা আরও জটিল প্রক্রিয়া। এই কারণেই এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রায় ৬০০০ গ্রহের অধিকাংশই তুলনামূলক ভাবে প্রাচীন। এলিয়াস ২-২৪বির মতো আরও নবীন গ্রহের সন্ধান পাওয়া গেলে গ্রহ তৈরির প্রাথমিক ধাপ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আরও স্পষ্ট হবে। তবে ঘন ধুলোর স্তর পেরিয়ে সেই ‘শিশু’ গ্রহগুলিকে খুঁজে বার করাই এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।