Calcutta Television Network

পোড়া সিগারেটেই লুকিয়ে বড় বিপদ! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পোড়া সিগারেটেই লুকিয়ে বড় বিপদ! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
24 March 2026 06:37:58 pm

রাস্তায় হাঁটতে গেলে প্রায়ই দেখা যায় ফেলে দেওয়া পোড়া সিগারেটের ফিল্টার। অনেকেই ভাবেন এগুলি হয়তো সময়ের সঙ্গে মাটিতে মিশে যায়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। সিগারেটের ফিল্টার ১০ বছর পরেও পুরোপুরি পচে যায় না এবং পরিবেশে বিষাক্ত উপাদান ছড়িয়ে যেতে থাকে।

এই গবেষণাটি প্রকাশিত হয়েছে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক জার্নাল Environmental Pollution–এ। গবেষকদের মতে, সিগারেটের ফিল্টার মূলত তৈরি হয় সেলুলোজ় অ্যাসিসেট নামের এক ধরনের প্লাস্টিক পলিমার দিয়ে। এটি সেলুলোজ় ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় এবং সহজে ভেঙে যায় না।

গবেষণায় দেখা গেছে, সিগারেটের ফিল্টার মাটিতে পড়ে থাকার প্রথম কয়েক সপ্তাহে বাইরের স্তর দ্রুত ক্ষয় হতে শুরু করে। কিন্তু এরপর পচনের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে দীর্ঘ সময় ধরে ফিল্টারের তন্তুগুলি মাটিতে রয়ে যায় এবং ধীরে ধীরে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়।

শহুরে এলাকা, বেলে মাটি এবং জৈবপদার্থসমৃদ্ধ মাটিতে পড়ে থাকা হাজার হাজার ফিল্টার নিয়ে এই দীর্ঘ ১০ বছরের পর্যবেক্ষণ করা হয়। ফলাফলে দেখা যায়, শহুরে এলাকায় প্রায় ৫২ শতাংশ ফিল্টারই ১০ বছর পরেও অক্ষত থেকে যায়। তুলনায় জৈবপদার্থসমৃদ্ধ মাটিতে পচনের হার বেশি হলেও পুরোপুরি ক্ষয় হয় না।

আরও উদ্বেগের বিষয় হল, বহু বছর পরে হলেও এই ফিল্টার থেকে নিকোটিন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত রাসায়নিক বের হতে পারে। এগুলি মাটি ও জলের বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষকদের মতে, বিশ্বজুড়ে সিগারেটের ফিল্টার এখন অন্যতম বড় প্লাস্টিক বর্জ্য। সচেতনতা না বাড়ালে এই ক্ষুদ্র বর্জ্যই ভবিষ্যতে পরিবেশের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। 

×
  • CTVN