Calcutta Television Network

বরফঢাকা মহাদেশেও মাইক্রোপ্লাস্টিক! লার্ভার শরীরে মিলল প্লাস্টিক-কণা

বরফঢাকা মহাদেশেও মাইক্রোপ্লাস্টিক! লার্ভার শরীরে মিলল প্লাস্টিক-কণা

28 February 2026 , 03:13:56 pm

পৃথিবীর সবচেয়ে নির্জন ও মানবশূন্য মহাদেশ বললেই মনে পড়ে আন্টার্কটিকার নাম। বরফে ঢাকা, চরম শীতল এই ভূখণ্ডেও যে প্লাস্টিক দূষণ পৌঁছে গিয়েছে, তা আগেই জানা গিয়েছিল। কিন্তু এ বার মিলল আরও উদ্বেগজনক প্রমাণ-আন্টার্কটিকার একমাত্র পতঙ্গ প্রজাতি বেলজিকা আন্টার্কটিকার লার্ভার শরীরে পাওয়া গেল অতি সূক্ষ্ম প্লাস্টিক-কণা!

ডানা নেই, উড়তে পারে না-চালের দানার মতো ছোট এই পোকাই আন্টার্কটিকার একমাত্র স্থায়ী কীটবাসিন্দা। চরম ঠান্ডায় টিকে থাকতে এদের শরীরে পর্যাপ্ত ফ্যাট জমা থাকা জরুরি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উচ্চ মাত্রার প্লাস্টিক-কণা এদের শরীরের ফ্যাট কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে টিকে থাকার ক্ষেত্রে বিপজ্জনক সংকেত।

আমেরিকার কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০২০ সালে এই গবেষণা শুরু করেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে Science of the Total Environment পত্রিকায়। প্রথমে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা চালিয়ে দেখা যায়, প্লাস্টিকের উপস্থিতি তেমন তাৎক্ষণিক ক্ষতি না করলেও, বিশদ বিশ্লেষণে ফ্যাটের মাত্রা কমার প্রবণতা ধরা পড়ে।

পরবর্তী পর্যায়ে ২০২৩ সালে আন্টার্কটিকার ১৩টি দ্বীপের ২০টি স্থান থেকে সংগৃহীত ৪০টি লার্ভার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দু’টির শরীরে চার মাইক্রোমিটার আকারের মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। সংখ্যায় কম হলেও গবেষকদের মতে, এটি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। কারণ প্লাস্টিক ইতিমধ্যেই এই নির্জন বাস্তুতন্ত্রে প্রবেশ করেছে।

খাদ্য-খাদক শৃঙ্খলে এদের বড় শিকারি না থাকায় আপাতত বিপদ সীমিত। তবু বিজ্ঞানীদের আশঙ্কা-প্লাস্টিক দূষণ বাড়তে থাকলে আন্টার্কটিকার সংবেদনশীল পরিবেশও রক্ষা পাবে না।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN