বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বৃষ্টিও হচ্ছে দেদার। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেই আলোচনায় উঠে এসেছে একটি নাম, ‘অর্ণব’। বাংলা ভাষায় যে শব্দের অর্থ সমুদ্র। ফলে সাগরকে ঘিরে তৈরি হওয়া এমন নাম যা আবার ব্যবহৃত হচ্ছে সামুদ্রিক ঝড়ের ক্ষেত্রে, সামনে আসার পর থেকে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে এই নামটি কোনও ব্যক্তি বা সংস্থার দেওয়া নয়। এর আড়ালে রয়েছে নির্দিষ্ট আন্তর্জাতিক কিছু নিয়ম। বঙ্গোপসাগর এবং আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম বহু পূর্বেই ঠিক করে রাখা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীন উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের নামকরণ ব্যবস্থায় ভারত-সহ একাধিক দেশ যুক্ত থাকে, ঝড়ের জন্য বিভিন্ন নাম সেখানে প্রস্তাব করা হয়। সেই নামগুলির একটি নির্দিষ্ট তালিকাও রাখা থাকে। পরে নিয়ম মেনে একের পর এক নাম প্রয়োজন মত ব্যবহার করা হয়। কোনও নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছলে তখন সেই তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। নির্ধারণ করা হয়। ঝড় তৈরি হওয়ার আগেই সম্ভাব্য নামের তালিকা প্রস্তুত থাকে।
এই নামকরণের পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণও। একই সময়ে একাধিক সামুদ্রিক ঝড় বা আবহাওয়াজনিত পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে তাদের আলাদা করে পৃথক করা সহজ হয়। প্রশাসন, আবহাওয়া দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই নাম বিশেষভাবে কাজে আসে। উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়ের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভারতের আবহাওয়া দপ্তর। নিম্নচাপের অবস্থান, শক্তি, গতিপথ এবং বাতাসের গতিবেগ প্রতিনিয়ত নজরে রাখা হয়। কোনও নিম্নচাপ নির্দিষ্ট মাত্রায় শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিলে নিয়ম অনুযায়ী তার জন্য নির্ধারিত নাম ব্যবহার করা হয়। ঘণ্টায় সর্বোচ্চ ৬৩ কিলোমিটার বা তার বেশি বেগে বাতাস বইতে শুরু করলে সাধারণত সেটি একটি প্রামান্য ঘূর্ণিঝড়ের স্তরে পৌঁছয়। ‘অর্ণব’ নামটি মূলত বাংলাদেশ প্রস্তাবিত। বাংলা শব্দ হিসেবে এর অর্থ সমুদ্র। তবে এই মুহূর্তে নামটি সামনে এসেছে বলেই যে ওই নামে ঘূর্ণিঝড় তৈরি হবেই, এমনটা কোনো কথা নেই। প্রথমে গভীর নিম্নচাপের আরও শক্তি বাড়ানোর বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সেটি ঘূর্ণিঝড়ের নির্দিষ্ট মানদণ্ড অতিক্রম করলে তবেই পূর্বনির্ধারিত নামটি ব্যবহার করা হবে। অর্থাৎ, ‘অর্ণব’ কোনও হঠাৎ দেওয়া নাম নয়। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড় চিহ্নিত করার জন্য আগে থেকে তৈরি আন্তর্জাতিক নামের তালিকারই একটি অংশ মাত্র।