×

Calcutta Television Network

ঝড়-বজ্রপাতের আগাম সংকেত মাটিতেই! নতুন দাবি বিজ্ঞানীদের...

ঝড়-বজ্রপাতের আগাম সংকেত মাটিতেই! নতুন দাবি বিজ্ঞানীদের...

13 March 2026 , 03:23:10 pm

হঠাৎ বিকেলের আকাশে কালো মেঘ, তারপর বজ্রবিদ্যুৎ আর ঝড়... এই দৃশ্য খুবই পরিচিত। কিন্তু ঠিক কোথায় বজ্রপাত হতে পারে বা কোন এলাকায় ঝড় শুরু হবে, তা আগে থেকে নির্ভুলভাবে জানা এতদিন কঠিন ছিল। সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা জানাচ্ছেন, শুধু আকাশ নয়, মাটির অবস্থা বিশ্লেষণ করেও ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব।

এই গবেষণা করেছে ব্রিটেনের 'ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজি'। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সাহারা মরুভূমির একটি অঞ্চলে বজ্রপাত ও ঝড়ের ঘটনা পর্যবেক্ষণ করেছেন। প্রায় ২০ বছর ধরে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন, ঝড় আসা মোটেও পুরোপুরি এলোমেলো নয়; বরং তার আগে কিছু নির্দিষ্ট পরিবেশগত লক্ষণ দেখা যায়।


গবেষণায় ২০০৪ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২২ লক্ষ ঝড় ও বজ্রপাতের ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ঝড় শুরু হওয়ার আগে মাটির আর্দ্রতা এবং ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাসের আচরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। যেখানে মাটি শুষ্ক থাকে, সেখানে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়। আবার যেখানে মাটি ভেজা, সেখানে তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এই তাপমাত্রার পার্থক্যই অনেক সময় মেঘ তৈরি এবং ঝড়ের সূচনা ঘটাতে পারে।

বিজ্ঞানীদের মতে, এতদিন ঝড়ের পূর্বাভাস দিতে মূলত বায়ুচাপ, বাতাসের গতি ও দিকের মতো বায়ুমণ্ডলীয় উপাদানগুলিকেই গুরুত্ব দেওয়া হত। কিন্তু নতুন গবেষণা বলছে, মাটির আর্দ্রতাও ঝড় তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুচাপের পরিবর্তন এবং মাটির আর্দ্রতার যৌথ প্রভাবেই দ্রুত মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

এই তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা এখন উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার পরিকল্পনা করছেন। উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এআই ভবিষ্যতে বলে দিতে পারে... কোথায় ঝড় শুরু হতে পারে বা কোথায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি।

গবেষকদের দাবি, এই পদ্ধতিতে ঝড় শুরু হওয়ার প্রায় ছ’ঘণ্টা আগেই পূর্বাভাস দেওয়া সম্ভব। ফলে সময়মতো সতর্কতা জারি করে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যেতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN