১৩ ডিসেম্বর, শুক্রবার কলকাতায় প্রায় ১৪ বছর পর কলকাতায় পা রাখলেন মেসি। এত বছর পর আন্তর্জাতিক মানের খেলোয়াড় কলকাতায় আসছে বলে কথা তাই খুব স্বাভাবিকভাবেই কলকাতা-সহ সমগ্র ভারতের উত্তেজনা ছিল তুঙ্গে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এক ঝলক তাঁকে দেখার জন্য টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছিল প্রায় সাড়ে চার হাজার টাকা। এখানেই শেষ নয়, মেসির সঙ্গে কেউ যদি ছবি তুলতে চায় তার জন্য নাকি ২৫ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
তবে, মেসি যে শুধু কলকাতা সফরে এসেছিলেন তা নয়। কলকাতা ছাড়াও আরো চার শহরে ভ্রমণ করেছেন। যখন থেকে শোনা গেছে মেসি ভারতে আসছে তখন থেকেই অনেকের মনেই একটা প্রশ্ন উঁকি মারছে যে, মেসি ভারতে আসার জন্য কত টাকা নিয়েছিলেন? খোঁজ নিয়ে জানা গেল, উদ্যোক্তা শতদ্রু দত্ত স্বয়ং তদন্তকারীদের জানিয়েছেন মেসিকে ভারতে আনতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা।
পুলিস সূত্রে খবর, শতদ্রু আরও জানান, লিওনেল মেসিকে ভারত সফরের জন্য দেওয়া হয়েছে ৮৯ কোটি টাকা। আর, ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল ১১ কোটি টাকা। এইসব কিছু ছাড়াও শতদ্রুকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রিষড়াবাসী শতদ্রুই ভারতে এনেছিলেন মেসিকে। বলাই বাহুল্য, যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে তৈরী হয়েছিল চরম বিশৃঙ্খলা, যা এখন প্রায় সকলেরই জানা।