দূরত্বই শেষ নয়, অনেক সময় তা নতুন শুরুর দরজা! হ্যাঁ, ঠিক এমনটাই যেন প্রমাণ করলেন ভারতীয় ব্যাডমিন্টনের স্বর্ণযুগের জুটি সাইনা নেহওয়াল এবং পারুপল্লী কাশ্যপ।
মাত্র কয়েক সপ্তাহ আগে—১৩ জুলাই—সাইনা ঘোষণা করেছিলেন, সাত বছরের দাম্পত্য জীবন ভেঙে তাঁরা আলাদা হচ্ছেন। সে খবরে কেঁপে উঠেছিল ক্রীড়াজগত। সোশ্যাল মিডিয়ায় চোখের জল ফেলেছিলেন অগণিত অনুরাগী।
কিন্তু হঠাৎই সেই আবেগে ঘনিয়ে এল নতুন রং—ফের একসঙ্গে ছবি পোস্ট করলেন সাইনা, ক্যাপশনে লেখা, 'অনেক সময় দূরত্বই উপস্থিতির মূল্য শেখায়। আমরা এখানে - আবারও চেষ্টা করছি।'
এই পোস্টে তোলপাড় নেটপাড়া। হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন এই মিষ্টি দম্পতিকে।
সাইনা ও পারুপল্লীর সম্পর্ক শুধু বিবাহিত জীবনেই সীমাবদ্ধ নয়। তাঁরা খেলার মাঠের পার্টনার, একে অপরের পরামর্শদাতা এবং জীবনের দীর্ঘ বন্ধুত্বের সাথী। ২০১৮ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। হায়দরাবাদের গোপীচাঁদ অ্যাকাডেমি থেকে শুরু হয়েছিল দু’জনের কেরিয়ার।
সাইনা বিশ্বব্যাপী খ্যাত, অলিম্পিক ব্রোঞ্জজয়ী, আর কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী।
এই দুই তারকার সম্পর্কের সবচেয়ে বড় সুন্দর দিক—তাঁরা একে অপরের খেলার মাঠের বন্ধু, একে অপরকে কোচিং দেওয়া থেকে শুরু করে খারাপ সময়েও তাঁরা দু'জন দুজনের পাশে থেকেছেন।
বিচ্ছেদের সময় সাইনা বলেছিলেন, 'জীবন অনেক সময় আমাদের ভিন্ন পথে চালিত করে। অনেক চিন্তার পর, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একে অপরের শান্তি এবং মানসিক উন্নতির জন্য এই পথ বেছে নিয়েছি।'
সেই আবেগঘন বার্তার পর, এই নতুন 'দ্বিতীয় সুযোগের' গল্প আরও বেশি মানবিক করে তুলেছে তাঁদের সম্পর্ককে।
তাহলে এবার তাঁদের 'Second Innings' শুরু! সাইনার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট শুধু একটি রিইউনিয়নের ঘোষণা নয়, বরং এ এক ভিন্ন প্রেমের গল্প। এককথায় দূরে গিয়েও ফিরে আসা যায়, যদি হৃদয়ের বন্ধন অটুট থাকে।
অনেকেই বলছেন, এটাই সত্যিকারের ভালবাসা—যেখানে ভুল বোঝাবুঝিরও সমাধান আছে, একে অপরকে নতুন করে জানার সুযোগ আছে।
সাইনা-কাশ্যপের জীবনের এই বাঁকবদল একটাই কথা বলে, ভালবাসা যদি সত্যি হয়, বিচ্ছেদও একসময় মিলনের কারণ হতে পারে। ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম প্রিয় জুটির নতুন করে পথচলায় শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে।