দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। অবশেষে ১৮ নম্বর জার্সির হাতে উঠেছে আইপিএল ট্রফি। অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। তারপর থেকেই বিরাটবন্দনায় ভেসেছে নেটদুনিয়া। রাজনীতি থেকে ব্যবসা, ক্রিকেট থেকে বলিউড- সব দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। আরসিবি ট্রফি জেতায় উৎসবের আবহ গোটা দেশে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ১৮তম আইপিএলের ফাইনাল। টস জিতে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার আরসিবিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। আরসিবির ওপেনিং জুটি আজ ক্লিক করেনি। দলগত ১৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন। ফিল সল্টের উইকেট তুলে নেন কাইল জেমিসন। তবে বিরাটকে তখনই ফেরানো যায়নি।
১৫তম ওভারে বিরাটের উইকেট তোলার জন্য শ্রেয়স খানিক বুদ্ধি বেশি খাটান। পঞ্জাবের বোলাররা বিরাটকে স্লোয়ার বাউন্সার নয়তো ফুল লেন্থে বোলিং করছিলেন। তেমনই ফিল্ডিং সাজাচ্ছিলেন শ্রেয়স। কোহলির কাছে হয় পুল শট, নয়তো স্কুপ শট মারতে হত। তিনি যেহেতু সাধারণত স্কুপ খেলেন না তাই খানিক সমস্যায় পড়ছিলেন। এখানেই শেষ নয়। গতির হেরফেরে পঞ্জাবের বোলাররা তাঁকে বিব্রত করছিলেন। যে কারণে খুচরো রানে ইনিংস গড়ার চেষ্টা করেন তিনি। যদিও সেই স্লোয়ার বাউন্সারেই চাপে পড়েন বিরাট। খেলেন পুল শট। কিন্তু ঠিকঠাক কানেক্ট হয়নি। যার ফলে হাই ক্যাচে ফিরতে হয় তাঁকে। বোলার আজমতুল্লা ওমরজাইয়ের অসাধারণ ক্যাচ। ৩৫ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। সঙ্গে সঙ্গে মোদী স্টেডিয়ামে হাজির দর্শকরা উত্তেজিত হয়ে পড়েন। শোনা যায় গর্জন।
তবে বিরাট ভক্তদের অখুশি করলেন না কোহলি টিম। অবশেষে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতল আরসিবি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়লেন কোহলি। আরসিবির জয়ে উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘১৮তম সংস্করণের ট্রফিটা ১৮ নম্বর জার্সির হাতেই মানায়। দারুণ খেলেছে আরসিবি, জেতার যোগ্য দাবিদার।’ শেষ পর্যন্ত দারুণ লড়াই চালিয়ে যাওয়া পাঞ্জাবকেও কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।