লাখ টাকার আইফোন-আর সেটাই যদি ছোট্ট এক ভুলে অকেজো হয়ে যায়? প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে নিয়মিত আইফোন চার্জ করলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতি হতে পারে।
অনেক ব্যবহারকারীই সুবিধার জন্য হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড চার্জার দিয়েই আইফোনে চার্জ দেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। অ্যান্ড্রয়েড চার্জার সাধারণত ৯, ১২ বা ২০ ভোল্ট ক্ষমতার হয়, যেখানে আইফোনের চার্জার ৫ থেকে ৯ ভোল্টের মধ্যে কাজ করে। ভোল্ট ও ওয়াট আলাদা বিষয়-এই পার্থক্য না বুঝলে সমস্যার ঝুঁকি বাড়ে।
অ্যাপ্লের চার্জারে থাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা-‘Apple Handshake with Trusted Security’-যা ডিভাইসের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। সাধারণ অ্যান্ড্রয়েড চার্জারে এই ফিচার অনুপস্থিত। ফলে দীর্ঘদিন ধরে অন্য চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষয়, অতিরিক্ত গরম হওয়া, এমনকি মাদারবোর্ডে সমস্যা দেখা দিতে পারে। যদিও এক-দু’দিনে বড় ক্ষতি হয় না, মাসের পর মাস এভাবে চললে ডিভাইসের আয়ু কমে যেতে পারে।
ওয়্যারলেস চার্জিংয়েও রয়েছে পার্থক্য। আইফোনে ব্যবহৃত হয় অ্যাপ্লের নিজস্ব ম্যাগসেফ (MagSafe) প্রযুক্তি, যেখানে চুম্বকের সাহায্যে চার্জারটি নিখুঁতভাবে যুক্ত হয়। অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসে সাধারণত কিউআই (Qi) স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়, যেখানে সঠিক অবস্থান না হলে চার্জিং ঠিকমতো হয় না।