ভারতে ডিজিটাল পেমেন্টের বাজার এখন তুঙ্গে। ফোন পে, গুগল পে, পেটিএম এই সব অ্যাপই আজ আমাদের লেনদেনকে সহজ করে তুলেছে। তবে খুব শীঘ্রই এই প্রতিযোগিতায় আসতে চলেছে একদম দেশীয় ও স্বদেশি প্লেয়ার ‘জোহো পে’ (ZOHO Pay)। দেশের টেক সংস্থা Zoho Corporation ইতিমধ্যেই অ্যাপটির শেষ ধাপের ট্রায়াল চালাচ্ছে এবং সূত্রের খবর, কয়েক সপ্তাহের মধ্যেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে।
‘জোহো পে’-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আর একা একটি পেমেন্ট অ্যাপ নয়। এটি সংযুক্ত হচ্ছে জোহোর জনপ্রিয় চ্যাট ও কলিং অ্যাপ ‘আরাট্টাই’ (Arattai)-এর সঙ্গে। অর্থাৎ, ব্যবহারকারী চ্যাট ইন্টারফেসেই থেকে টাকা পাঠাতে, গ্রহণ করতে, বিল পেমেন্ট কিংবা মোবাইল রিচার্জ করতে পারবেন। চ্যাট করতে করতে মুহূর্তে UPI ট্রান্সফার এই সুবিধাই এটিকে বাজারে সুপার-অ্যাপ হওয়ার পথে এগিয়ে দিচ্ছে।
ইতিমধ্যেই আরাট্টাই অ্যাপ প্লে স্টোরে ১ কোটিরও বেশি ডাউনলোড পেয়েছে এবং ৪.৭ রেটিং ধরে রাখতে সক্ষম হয়েছে, যা ভারতীয় অ্যাপগুলির মধ্যে বিরল। বিশেষজ্ঞদের মতে, আরাট্টাই-তে পেমেন্ট ফিচার যুক্ত হলে এটি ভারতীয় ব্যবহারকারীদের কাছে ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।
ভারতের ‘আত্মনির্ভর ভারত’ নীতির প্রেক্ষিতে দেশীয় প্রযুক্তি ও ডেটা সুরক্ষা-র উপর জোহো বরাবরই জোর দেয়। ফলে অনেকে মনে করছেন, এটি ভারতীয় বাজারে বিদেশি অ্যাপগুলির বিকল্প হিসেবে দ্রুত জায়গা করে নিতে পারে।
ডিজিটাল লেনদেনের যুগে নিরাপত্তা, সহজ ব্যবহার এবং দেশীয় সার্ভারে ডেটা সুরক্ষা এই তিনকেই সামনে রেখে ‘জোহো পে’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এখন দেখার, ফোন পে-গুগল পে-র দাপটের মাঝেও দেশীয় এই অ্যাপ ভারতীয়দের মন জিতে নিতে পারে কি না।