Calcutta Television Network

বিমান বদলের ফাঁকে বিনামূল্যে শহর ভ্রমণ! কোন কোন উড়ান সংস্থা দেয় এই সুযোগ?

বিমান বদলের ফাঁকে বিনামূল্যে শহর ভ্রমণ! কোন কোন উড়ান সংস্থা দেয় এই সুযোগ?

2 September 2026 , 02:02:23 pm

বিদেশ সফরে দীর্ঘ বিমানযাত্রার সময় অনেক ক্ষেত্রেই যাত্রীদের মাঝপথে বদল করতে হয় বিমান। একটি বিমান থেকে নেমে পরবর্তী বিমানে ওঠার মাঝের অপেক্ষার প্রহরকে বলা হয় ‘লে-ওভার’। কয়েক ঘণ্টা বিমানবন্দরে বসে থাকার এই সময় অনেকের কাছেই বেশ একঘেয়ে ও ক্লান্তিকর। তবে বিশেষ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সেই অপেক্ষার সময়কেই বদলে দিচ্ছে ভ্রমণের সুযোগে। কিছু বিমান সংস্থা এখন যাত্রীদের জন্য বিশেষ ‘স্টপওভার’ ব্যবস্থা চালু করেছে। নির্দিষ্ট বেশ কিছু শর্ত পূরণ করলে লে-ওভারের সময় বিমানবন্দর থেকে বেরিয়ে সংশ্লিষ্ট শহর ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়। কোথাও কয়েক দিনের জন্য বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনও কোনও বিমানসংস্থা খাবার এবং বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াতের খরচটুকুও বহন করে। সাধারণত আন্তর্জাতিক যাত্রায় লে-ওভারের সময় অন্য একটি দেশে অবসরটুকু কাটাতে হয়। কিন্তু ভিসা ও অভিবাসন সংক্রান্ত নিয়মের কারণে সবসময় বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সেই সমস্যার কথা মাথায় রেখেই বিভিন্ন দেশের পর্যটন সংস্থা এবং বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যৌথভাবে একটি পরিকল্পনা চালু করেছে। এর ফলে পর্যটকদের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের পর্যটন শিল্পও লাভবান হচ্ছে।

তুরস্ক: তুরস্কের জাতীয় বিমান সংস্থার মাধ্যমে ইস্তানবুল হয়ে আন্তর্জাতিক যাত্রা করলে কিছু যাত্রী বিনামূল্যে হোটেলে থাকার সুযোগ পান। বিশেষ ধরনের টিকিট কাটতে হয় এবং সেই যাত্রীর দেশের উপর খানিকটা নির্ভর করে এই সুবিধার মেয়াদ আলাদা হতে পারে কিনা। সর্বাধিক কয়েক রাত পর্যন্ত বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট কিছু শর্তে।

জাপান: জাপান বিমান সংস্থার নির্দিষ্ট যাত্রাপথে টোকিও বা ওসাকায় লে-ওভার থাকলে যাত্রীরা সেই শহর ঘুরে দেখার সুযোগ পান। বিশেষ নিয়ম ও টিকিটের শর্ত অনুযায়ী এই ছাড় পাওয়া যায়। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া ছাড়াই কয়েক দিন শহরে ঘোরারও সুযোগ দেওয়া হয় ভ্রমণপিপাসুদের।

পর্তুগাল: পর্তুগালের যাত্রীরা লিসবন বা পোর্তোয় স্টপওভার নিয়ে দিব্যি পর্তুগাল শহর ঘুরে দেখতে পারেন। নির্দিষ্ট শর্তে সর্বাধিক ১০ দিন পর্যন্ত স্টপওভার নেওয়ারও সুযোগ থাকে। তবে এর জন্য যাত্রাপথ ও টিকিট সংক্রান্ত নিয়ম অতি অবশই মেনে চলতে হবে।

সংযুক্ত আরব আমিরশাহি: এমিরেটসের দুবাই হয়ে যাত্রা করা যাত্রীদের জন্য ‘দুবাই কানেক্ট’ নামে একটি বিশেষ পরিষেবার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ সময় দুবাইয়ে অপেক্ষার প্রহর গুনতে হলে যোগ্য যাত্রীরা হোটেল এবং খাবারের সুবিধা পেতে পারেন। কিছু ক্ষেত্রে শহরে যাওয়ার জন্য ট্রানজিট ভিসারও ব্যবস্থা করা হয়।

অন্য দিকে, ইতিহাদ এয়ারওয়েজ এর মাধ্যমে আবুধাবি হয়ে বিমানযাত্রার ক্ষেত্রেও বিশেষ স্টপওভার সুবিধা রয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য যাত্রীদের হোটেলে থাকা, খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা হয়। 

তবে এই সমস্ত সুবিধা সকল টিকিটের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য নয়। বিমান সংস্থা, যাত্রাপথ, টিকিটের ধরন, লে-ওভারের সময় এবং ভিসার নিয়ম যাচাই করে তবেই উপরিউক্ত সুবিধাগুলি দেওয়া হয়। তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার শর্তগুলি একবার চোখ বুলিয়ে নেওয়াই ভাল। দীর্ঘ বিমানযাত্রার মাঝে কয়েক ঘণ্টা বা কয়েক দিন যাবত নতুন একটি শহর ঘুরে দেখার সুযোগ যেকোনো বিদেশ ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে পর্যটকদের কাছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN