পক প্রণালী ছোঁয়া বিস্তীর্ণ ভারত মহাসাগর। লাল-কালো-সাদা বালির বিচ, শঙ্খ পড়ে আছে। যেন সমুদ্র আগোছলে ফেলে রেখেছে রত্নরাজী। এখানে রাখা হয়েছিল গান্ধীর চিতাভষ্ম। এই শিলাখণ্ডের উপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। কন্যাকুমারী দেবী দুর্গার এক রূপ। তখনও তাঁর সঙ্গে শিবের বিবাহ হয়নি। বানাসুরকে বধ করতে তাঁর সৃষ্টি। এখানেই তিনি শিবকে পাওয়ার জন্য তপস্যা করেন। জনশ্রুতি অনুসারে পরশুরাম দেব এ স্থানে দেবী কন্যাকুমারীর মন্দির স্থাপন করেন। পরবর্তী কালে মন্দিরের সংস্কারের কাজটি করেন স্থানীয় রাজবংশ। প্রাচীন কালে এই অংশ রোম এবং গ্রীসের বণিকদের আকর্ষণ করত। মার্কাপোলো কিংবা টলেমির লেখায় উল্লেখ রয়েছে কন্যাকুমারীকার কথা। এক জ্ঞানের কথা শুনে পঞ্চানন্দ তালুকদার ঠিক করেই নিয়েছিলেন পুজোর পর দশ দিনের ছুটিতে কন্যাকুমারীকা যাবেনই যাবেন। হাওড়া থেকে কন্যাকুমারীকা ট্রেন পথে যেতে হলে বেস্ট ট্রেন ১২৬৬৫ হাওড়া-কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। বিকেলে ছাড়ে। কন্যাকুমারী পৌঁছতে সময় নেয় ৪২ ঘণ্টা। ভারতের দক্ষিণে তামিলনাড়ুর শেষ প্রান্তে কন্যাকুমারী। এটি ভারত মূল ভূখণ্ডের শেষ সীমা। দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর। একটা ছোট্ট ঝকঝকে শহর। অক্টোবর থেকে ফেব্রুয়ারি কন্যাকুমারী ভ্রমণের আদর্শ সময়। এবার প্রশ্ন হল এখানে আপনি কী দেখবেন।
বিবেকানন্দ রক মেমোরিয়াল শিবানী উপকূলের একটি ছোট দ্বীপে অবস্থিত। উত্তাল সমুদ্র থেকে ৫০০ মিটার গভীরে অবস্থিত। ১৮৯২ সালে এখানে ধ্যানে বসেছিলেন বিবেকানন্দ। অদ্ভূত সুন্দর পরিবেশ। ঘন নীল সমুদ্রের সাদা ফেনা, যেন একটি অন্য জগতে নিয়ে যাবে আপনাকে। এখানে স্মৃতিস্তম্ভ আপনাকে গর্বিত করবে একজন ভারতীয় হিসেবে। কন্যাকুমারিকা সৈকত বহু রঙের বালির জন্য পরিচিত। লাল কালো সাদা বালির মাঝে পড়ে থাকে ঝিনুক, শঙ্খ। এটি এমন এক সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই দেখা যায়।