দুই গাঁয়ের মধ্যে একটি সাঁকো। এলোমেলো হাওয়ায় দুলছে সাঁকোটা, উড়ছে টুলটুল বৌদির চুল। আদুরে গলায় বৌদি বললেন ওপারের গ্রামে রোদ্দুর একটু বেশি। এ যেন এক প্রকৃতির বিশ্ময়। ঝুলন্ত সাঁকোটার তলায় পাহাড়ি নদী বয়ে চলেছে কৈশোরের উদ্যামতায়। সাঁকোটা থেকে একটা পাথুর বিছানো পথ উঠে গেছে পাহাড়ের কোল বেয়ে। নদীর গা বেয়ে ঘন জঙ্গল। পাতা- গুল্ম, মহীরুহ। দু চারজন পর্যটক ছাড়া দূরদূরান্তে কারও দেখা নেই।
সবথেকে আশ্বর্য করে এই সেতু, স্থানীয় ভাষায় জিংকিয়েং জেরি। ইট-কাঠ পাথরের ব্রিজ প্রত্যেকেরই দেখা। করোনেশন ব্রিজও অবাক করেনি টুলটুল বৌদিকে। কিন্তু ব্রিজ দেখিয়েছে বেঁধে বেঁধে থাকা কাকে বলে? দুটি রবার গাছের মোটামোটা শিকড় নিজেদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তৈরি করেছে আশ্বর্য ঝুলন্ত একটি সেতু। যার ওপর দিয়ে দিব্যি যাতায়াত করছেন মানুষ। একই সঙ্গে কমকরে পঞ্চাশজন মানুষকে বহন করে এই সেতু। যতদিন যায় দুটি গাছের সঙ্গে এই রুট ব্রিজের শক্তি বাড়তে থাকে।
মেঘালয়ে এমন ব্রিজ দুটি রয়েছে এটি সিঙ্গেল রুট ব্রিজ অপরটি ডবল ডেকার রুট ব্রিজ। একটি রয়েছে মাওলিলং এ। মাওলিলং পৃথিবীর সবথেকে পরিচ্ছন্ন গ্রাম। অনেকদিন আগে কলেরার মতো রোগের প্রকোপের পর গ্রামবাসীরা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে শুরু করে, যা তাদের একটি অভ্যাসে পরিণত হয়। মাওলিলংয়ের সৌন্দর্য পাহাড়, জঙ্গল , মানুষ, এবং প্রায় দুশ বছরের পুরানো এই সেতু। ডবলডেকার রুট ব্রিজটি রয়েছে চেরাপুঞ্জিতে।
এই দুটি সেতুকেই হেরিটেজ আখ্যা দিয়েছে ইউনেস্কো। গত দুশ বছরে প্রকৃতি কিছু শিকড় নষ্ট করলেও তার জায়গা নিয়েছে নতুন শিকড়। স্থানীয় খাসি মানুষরাই এই সেতু গুলির দেখাশোনা করে। সৌন্দর্যের ভান্ডার এই মেঘালয়। এই সৌন্দর্যই স্থানীয় মানুষদের রুজি রুটি জোগায়। তাই পর্যটক টানতে তারাই সযত্নে লালন করে প্রকৃতিকে। পঞ্চানন্দ তালুকদার অ্যান্ড পত্নী গিয়েছেন মেঘালয়ে। তারই একটুকরো ভ্রমণ বৃত্তান্ত পাঠিয়েছেন দীপুর কাছে। সেটুকুই তুলে ধরা হল।