কিছু নেই। কিচ্ছুটি নেই। সমুদ্রের পাড়ে রঙীন ঝিনুকের মালা নেই, কাঁচের শোকেসে হরেক কিসিমের মাছ, ভাজার জন্য তৈরি নেই। পর্যটক আর অটো ওয়ালার ভাড়া নিয়ে চিৎকার নেই। মোটের ওপর বাঙালির সমুদ্র ভ্রমণের কোনও এলিমেন্টই নেই সেভাবে। তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই। একদিকে বুড়িবালাম অন্যদিকে তাকে আলিঙ্গন করার জন্য দুহাত বাড়িয়ে রয়েছে সমুদ্র। মাঝে সাদা বালির তট পরিখী। যখন বুড়িচাঁদের আলোয় ঝাউ বনের ছায়া পড়ে সমুদ্র তটে, তখন বালির আবডাল থেকে বেড়িয়ে আসে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। শীত কিংবা বসন্তে এলে চশমার কাচ ঝাঁপসা করে দেয় সমুদ্রের নোনা হাওয়া। কলকাতা থেকে মেরে কেটে আড়াইশো কিলোমিটার দূরে বালাসোর। সেখান থেকে কোনও ভাবে আঠারো কিলোমিটার দূরেই রয়েছে পরিখী সমুদ্র সৈকত। সকালের নরম রোদে ঘুরে বেড়ান সৈকতে। গ্রামের লোকেরাই ফ্লাক্সে করে চা বিক্রি করেন। হাঁটতে হাঁটতে চা পান। শহরে সেনসেক্স বাড়ুক, নিফটি ঝাঁপ দিক গর্তে।
আপনার তাতে থোরাই কেয়ার। আপনি হেঁটে চলেছেন এক সন্ন্যাসী রাজার মত। শুধু হাতের চায়ের কাপটা সমুদ্র সৈকতে ফেলে নোংরা করবেন না। সেটা অবশ্য আপনি করেনও না। একটু দর দস্তুর করে একটা নৌকা ভাড়া করে পারি দিতে পারেন। খাঁড়িতে ঢুকলেই ম্যানগ্রোভের সারি আর আপনার নৌকার তালে তাল রেখে উড়ে চলবে কিছু সিগাল। বিকেল পেরিয়ে সন্ধ্যা যখন তখন সমুদ্রের মাঝে ভাসতে থাকা ট্রলার গুলি আলোর মালা জ্বালিয়ে রাখবে আপনার দৃষ্টি সুখের জন্য।
সাধারণত যেকোনও সময়েই পরিখীতে আসতে পারেন তবে শীত থেকে বসন্ত সময়টা একটু বেশীই প্রেম জাগাবে। প্রথমেই যে কথা বলে রেখেছিলাম, এখানে ঘষা কাচের রেস্তোরা পাবেন না। কাবাবের টুকরো মুখে নিয়ে এমিল ডুরখেইম-এর স্ট্রাকচারাল-ফাংশনালিজম আলোচনা করতে চান তাহলে পরিখী আপনার জন্য নয়। মোটের ওপর ভদ্রসভ্য একটা থাকার জায়গা পাবেন। আর পাবেন তারার সঙ্গে গল্প করার জন্য গোটা রাত।