Calcutta Television Network

এখানেই বোধহয় ভগবান থাকেন!

এখানেই বোধহয় ভগবান থাকেন!

3 February 2026 , 04:50:35 pm

এপ্রিলে হিমাচল প্রদেশ একটি লোভনীয় ট্যুর বটে। অষ্টাদশীর মত লাফিয়ে চলেছেন টুলটুল বৌদি। ইতিমধ্যে দিদি, ননদ , জা সকলকে জানানো হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হিমাচল তো আর ছোট জায়গা নয়। আর সংসার ফেলে দিনের পর দিনও কাটানো যাবে না। তাই ডাকা হল দীপুকে। হিমাচল মানেই মানালি, শিমলা, স্পিতি, রোটাংপাস তবে যদি একটু অন্য ভাবে ঘুরতে চান তাহলে তালিকায় প্রথমেই রাখুন চাইল।

চাইল


যতদূর চোখ যায় পাইন আর দেবদারুর জঙ্গল। শিমলার কাছাকাছি এই জায়গাটি বেশ নির্জন। নিকটতম রেলওয়ে স্টেশন কালকা। সড়কপথে শিমলা থেকে দূরত্ব ৬০ কিলোমিটারের মত। এখানে দেখার জায়গা বলতে চাইল প্যালেস, বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট মাঠ, চাইল অভয়ারণ্য, কালী কা তিব্বা এবং অবশ্যই সাধুপুল। এছাড়া রয়েছে পাহাড়ের কোলে শুধু নিজের একটা প্রকৃতি। এখানে এসে আপনি করতে পারেন ট্রেকিং, ক্যাম্পিং। গোটা অলস দিন ধরে জঙ্গলে ঘুরে বেড়াবেন কুয়াশা ঢাকা রাস্তায়। চাইকি কিছুটা ট্রেকিংও করে নিতে পারেন।

কুফরি


শিমলা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত কুফরি। কুফরি সাধারণত স্কিইং ও টোবোগানিং এর জন্য পরিচিত। হিমালয়ান নেচার পার্ক এবং মহাসু পিক এখানকার অন্যতম আকর্ষণ। এখান থেকে হিমালয় আপনাকে ইশারায় ডাকবে। ঘোড়ায় চড়ে যেতে পারবেন সবুজ কার্পেট বিছানো দেবদারু গাছে ঢাকা উপত্যকা ফটোগ্রাফির জন্য সেরা। কুফরি ফান ওয়ার্ল্ড বিশ্বের সর্বোচ্চ গো-কার্টিং ট্র্যাক।

কসৌলি


উপরের দুটি ডেস্টিনেশনের থেকে কসৌলির পরিচিত কিছুটা বেশি। ঔপনিবেশিক আকর্ষণ কসৌলির রাস্তায় রাস্তায়। কুয়াশাচ্ছন্ন পাইন বন, প্রতিটি হোমস্টের ব্যালকনি থেকে একটা স্নিগ্ধ সূর্যাস্ত। দিল্লি থেকে কসৌলি পৌঁছতে ৬ ঘন্টারও কম সময় লাগে। চণ্ডীগড় থেকে পৌঁছতে লাগে ২ ঘণ্টা। কসৌলির সর্বোচ্চ স্থান মাঙ্কি পয়েন্ট। তবে সেনাছাউনির জন্য মাঙ্কি পয়েন্টে যেতে গেলে ফোন এবং ক্যামেরা রেখে যেতে হবে। পুরাণ অনুসারে হনুমান সঞ্জীবনী পর্বত নিয়ে যাবার সময় এই স্থানে একবার থেমেছিলেন। পাশ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী। কসৌলির মন মাতানো জায়গা অবশ্যই গিলবার্ট ট্রেইল। সানসেট পয়েন্ট থেকে গিলবার্ট ট্রেইলে পৌঁছতে গেলে পেরোতে হবে প্রায় দেড় কিলোমিটার পাইন ওক জঙ্গলের পথ। এছাড়াও এখানে দকার মত রয়েছে খ্রিস্ট চার্চ, লাভার্স লেন,  এখানে রয়েছে এশিয়ার প্রাচীনতম মদের কারখানা। এখানে গেলে অবশ্যই কালকা-সিমলা টয় ট্রেনে একবার চড়বেন।

কীভাবে যাবেন? কোথায় থাকবেন? কত টাকা খরচ পড়তে পারে? এ বিষয় নিয়ে ভাবার জন্য গুগল রয়েছে। অথবা কোনও পরিচিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN