আমাদের দেশের একটি প্রাচীন সূর্য উপাসনার উৎসব হল ছট পুজো। মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই উৎসবটি পালন করে। তবে বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু ছট পুজোর জনপ্রিয়তা অনেকটাই ছড়িয়ে পড়েছে।
আমরা যদি ছট পুজোর ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো এই পুজোর শিকড় রয়েছে সেই প্রাচীন বৈদিক যুগে। ঋগ্বেদে সূর্য উপাসনা এবং সূর্যের কাছে আরোগ্য, শক্তি ও সমৃদ্ধি প্রার্থনার কথা বলা হয়েছে । হিন্দু পুরাণ অনুসারে, সূর্যদেবের পত্নী ঊষা ও প্রত্যুষার উপাসনার সঙ্গেও এই উৎসবের সম্পর্ক রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ ছিলেন সূর্যদেবের পুত্র। তিনি প্রতিদিন সূর্যের উপাসনা করতেন। আবার লোককথায় প্রচলিত আছে, দ্রৌপদীও কঠিন সময়ে সূর্যদেবের আরাধনা করেছিলেন।
ছট পুজোর আর এক বিশেষ দিক হল এর কঠোর নিয়ম ও সংযম। চার দিন ধরে পালিত এই উৎসবের প্রথম দিন নহায়-খায়, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন এবং চতুর্থ দিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে এই ব্রত সম্পন্ন হয়। তবে এই পুজোয় কোনও জাঁকজমকপূর্ণ মূর্তির প্রয়োজন হয় না। নদী, পুকুর বা জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানানোই হলো এই অনুষ্ঠানের মূল ভাবনা।