Calcutta Television Network

বাংলার কার্তিক পূজা, ইতিহাস, ঐতিহ্য ও সমাজচিত্র

বাংলার কার্তিক পূজা, ইতিহাস, ঐতিহ্য ও সমাজচিত্র
16 November 2026 • 01:21:49 pm

"কার্তিক ঠাকুর হ্যাংলা,

একবার আসেন মায়ের সাথে, 

একবার আসেন একলা।"


পৌরাণিক কাহিনি অনুসারে, অজেয় তারকাসুরকে বধ করার জন্য শিব ও পার্বতীর তেজ থেকে দেবসেনাপতি কার্তিকের জন্ম হয়েছিল। তবে বাংলায় কার্তিক পূজার প্রচলন ও বিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘ সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী, বাংলায় কার্তিক আরাধনার সূত্র মেলে উত্তরবঙ্গে। বগুড়ার মহাস্থানগড় এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খননকার্যের ফলে খ্রিস্টীয় প্রথম থেকে গুপ্তোত্তর যুগের কার্তিক মূর্তি পাওয়া গেছে। প্রাচীন ভারতে মৌর্য ও শুঙ্গ আমলেও তিনি যুদ্ধ ও শৌর্যের দেবতা হিসেবে পূজিত হতেন। পরবর্তীতে সেন রাজাদের আমলে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকলে, অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীও শৌর্যের প্রতীক হিসেবে কার্তিক আরাধনা শুরু করেন।

গাঙ্গেয় বাংলায় কার্তিক পূজার জনপ্রিয়তা শুরু হয় মূলত আঠারো ও উনিশ শতকে, নদীপথের বাণিজ্যকেন্দ্র এবং জমিদারদের হাত ধরে। হুগলির সপ্তগ্রাম, চুঁচুড়া, বাঁশবেড়িয়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়া হয়ে ওঠে এই উৎসবের প্রধান কেন্দ্র। কিছু কিছু ঐতিহাসিকদের মতে, নবাব আলিবর্দি খাঁর আমলে বর্গি আক্রমণের পর কাটোয়ার বাণিজ্যিক সমৃদ্ধির সাথে সাথে তৎকালীন বাবু ও বণিক সমাজের পৃষ্ঠপোষকতায় এই পূজার প্রসার ঘটে। একসময় সমাজের যৌনকর্মীরা সন্তান কামনায় এবং সামাজিক স্বীকৃতির আশায় পরম যত্নে শিশুরূপী বা 'খোকা কার্তিক'-এর পূজা শুরু করেছিলেন। অন্যদিকে, জমিদারদের মধ্যে সামাজিক মর্যাদা প্রদর্শনের প্রতিযোগিতা থেকে জন্ম নেয় কাটোয়ার বিখ্যাত 'কার্তিক লড়াই'। বর্ধমানের পাল জমিদারদের স্বপ্নাদেশে ১৮৫৩ সালে শুরু হওয়া তিন কার্তিকের পূজাও বাংলার ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়।


তিনি একাধারে ব্রহ্মচারী আবার একাধারে বল্লী ও দেবসেনার প্রাণপ্ৰিয়।  শৌর্য, বীর্য, বল প্রদানকারী, শত্রু হন্তারকও। তিনি আবার পূর্ণব্রহ্ম।  শত্রু সংহারে কার্তিক মন্ত্রের বিশেষ প্রয়োগও আছে।  শুধু মাত্র সন্তান কামনায় কার্তিক পূজা, এটি একটি বঙ্গদেশের লোকাচার মাত্র।  কার্তিক, বল ও বীর্য প্রদানকারী।  মঙ্গলের পীড়া দমনে কার্তিক মন্ত্রের প্রয়োগ আছে।  কার্তিকের পুজা যে কেউ করতে পারেন তার জন্য কার্তিককে বাড়িতে ফেলতে হয়না।  দেবতাদের সেনাপতি কার্তিক, দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা ও তামিলনাড়ুতে তিনি মুরুগন নামে সর্বাধিক পূজিত হন।


ওঁ কার্ত্তিকের মহাভাগ দৈত্যদর্পনিসূদন।

প্রণতোহং মহাবাহো নমস্তে শিখিবাহন। ।

রুদ্রপুত্র নমস্তুভ্যং শক্তিহস্ত বরপ্রদ।

ষান্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো। ।

মহাতপস্বী ভগবান্ পিতুর্মাতুঃ প্রিয় সদা।

দেবানাং যজ্ঞরক্ষার্থং জাতস্ত্বং গিরিশিখরে।

শৈলাত্মজায়াং ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ।