Calcutta Television Network

রাখী বন্ধনের ইতিহাস ও গুরুত্ব

রাখী বন্ধনের ইতিহাস ও গুরুত্ব

13 August 2024 , 07:58:36 pm

রাখীবন্ধনের কথা নমে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে গোলাকার রঙ বে-রঙের, নানা আকারের বস্তু। রাখী শব্দের অর্থ হল রেখে দেওয়া। অন্য় অর্থ হল রক্ষা করা। দক্ষিণ এশিয়ায় এই রাখী বন্ধনের উৎসব পালন করা হয়। মুলত ভাই-বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করতে এই উৎসব পালিত হয়। হিন্দু,বৌদ্ধ,জৈন,শিখ ধর্মের লোকেরা এই উৎসব পালন করেন শ্রাবন মাসের পুর্ণিমা তিথিতে। দিদি বা বোনেদের বিশ্বাস বিপদে দাদা বা ভাই বোনেদের রক্ষা করবে সেই জন্য়েই দাদা বা ভাইয়ের হাতের কব্জিতে সুতো বা ধাগা বেঁধে দেন এটাই হল রাখী। অর্থাৎ বিপদে বোনকে নিজের কাছে রেখে দেওয়া মানে রক্ষা করা।

কবে থেকে রাখীর সূচনা হলো?

পৌরানিক ব্যাখ্য়ায় পাওয়া যায় দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পান্ডদের রক্ষা করার জন্য় শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে ছিলেন। কোন এক যুদ্ধে শ্রীকৃষ্ণ হাতের কব্জিতে আঘাত পেলে রক্ত ঝরতে থাকে। তখন দ্রৌপদী নিজের শাড়ীর আঁচল ছিড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। আবেগে আপ্লুত হয়ে দ্রৌপদীকে বোন সম্বোধন করেন এবং প্রতীজ্ঞা করেন বিপদের হাত থেকে বোনকে রক্ষা করবেন। সেই জন্যই কৌরবদের বস্ত্র হরণে লজ্জার হাত থেকে বোন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন।

অন্য় গল্প এই রকম-দক্ষিণ ভারতের রাজা বলি প্রচন্ড প্রভাবশালী ছিলেন। বলিরাজা শ্রীবিষ্ণুর উপাশক ছিলেন। বলিরাজা  বিপদেপড়লে ছদ্মবেশে বিষ্ণু বলিরাজাকে রক্ষা করতে এলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার আশায় সাধারণ মেয়ের রূপ ধরে বলিরাজের কাছে আসেন এবং বলেন তার স্বামী নিরুদ্দেশ, যত দিন খুঁজে না পাওয়া য়ায় তত দিন রাজ দরবারে থাকতে চান। বলিরাজা রাজী হলে তার হাতে শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখী পরিয়ে দেন। বলিরাজা এর কারণ জানতে চাইলে লক্ষ্ণী তার আত্ম পরিচয় খুলে বলেন। বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণু ও লক্ষ্ণীকে বৈকুন্ঠে ফেরৎ পাঠান।

ঐতিহাসিকদের মতে- ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটা পবিত্র সুতো পাঠিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন তাঁর স্বামী আলেকজান্ডারকে হত্য়া না করেন। পুরু তার বোনের কথা রেখে ছিলেন। পবিত্র সুতোকে সম্মান জানিয়ে পুরু আলেকজান্ডারকে আঘাত করেনি।

অন্য় ঐতিহাসিক জনপ্রিয় গল্প হলো- ১৫৩৫ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে চিতোরের রানী কর্ণাবতী মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখী পাঠিয়ে সাহায্য় প্রার্থনা করেন। কর্ণাবতীর রাখী প্রেরণে হুমায়ুন খুব খুশী হলেন এবং সঙ্গে সঙ্গে চিতোর রক্ষার্থে সৈন্য পাঠান। দুর্ভাগ্যের বিষয় হুমায়ুনের সৈন্য চিতোর পৌঁছানোর  আগেই সুলতান বাহাদুর শাহ চিতোর দুর্গ দখল করে নেন। জনশ্রুতি বাহাদুর শাহের সৈন্যদের হাত থেকে সম্ভ্রম রক্ষার্থে ১৫৩৫ খ্রিস্টাব্দে ৮ই মার্চ ১৩,০০০ জন পুরস্ত্রীকে নিয়ে বিষ খেয়ে আগুনে ঝাপ দিয়ে মৃত্যু বরণ করেন।

১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গ ভঙ্গ আইনের বিরোধিতা করে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর বাংলায় রাখী বন্ধনের উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেটের হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনদের আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য়।

প্রতি বছর শ্রাবন মাসের পূর্ণিমা তিথিতে ধুমধাম করে সারা ভারতবর্ষ জুড়ে চলে রাখী বন্ধন উৎসব পালন।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN