মার্কণ্ডেয় পূরাণের অন্তর্গত \'শ্রীশ্রী চণ্ডী\' গ্রন্থানুসারে এই পুণ্য তিথিতে শুম্ভ-নিশুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কোষিকা বা কোষ থেকে দেবী কৌশিকী দেবীর আবির্ভাব ঘটেছিল। তাই এই অমাবস্যা \'কৌশিকী অমাবস্যা\' নামেও পরিচিত। শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে ব্রহ্মা তাঁদের বর দেন, কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, এমন কোন নারীর হাতেই এই দুই অসুর ভাই-এর মৃত্যু হবে। কোন পুরুষ ওঁদের নাশ করতে পারবেন না। তা হলে উপায়?
পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো হয়। তাই ভোলানাথ তাঁকে কালিকা বলে ডাকতেন। একদিন শুম্ভ ও নিশুম্ভ দ্বারা পীড়িত দেবতারা যখন কৈলাশে শিবের কাছে আশ্রয় নিলেন, শিব পার্বতীকে বললেন, “কালিকা তুমি ওদের উদ্ধার করো।” সবার সামনে \'কালী\' বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন।
তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। বাকি পড়ে থাকা ঐ কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। আজ সেই তিথি, যে দিন এই দেবীর আবির্ভাব হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা
কথিত আছে বামাক্ষ্যাপা তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্রসাধনা করেন। পরে তিনি নিকটবর্তী মল্লরাজাদের মন্দিরময় গ্রাম মালুটি (অধুনা ঝাড়খণ্ড রাজ্য)তে যান যোগ সাধনার জন্যে। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় ১৮ মাস অবস্থান করেন।
সাধনায় সিদ্ধি লাভ করেন। বামাক্ষ্যাপার সাধনায় প্রসন্ন হয়ে আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী তারা মর্ত ধামে আবির্ভূত হন। এই উপলক্ষে বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে বিশাল উত্সব হয়৷
মানব কল্যাণে কৌশিকী অমাবস্যার গুরুত্ব কোথায়?
কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে \'তারা রাত্রি\'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷
জ্যোতিষীয় মতে এই দিনে কোন গ্রহ দোষের প্রতিকার করলে মনের আশা পূরণ হয় ও অব্য়র্থ ফল লাভ হয়।