Calcutta Television Network

ষাঁড় আর গাধার প্রেম! ভিন প্রজাতির সমকামী জুটিকে দেখে অবাক গবেষকরা

ষাঁড় আর গাধার প্রেম! ভিন প্রজাতির সমকামী জুটিকে দেখে অবাক গবেষকরা
10 November 2026 • 04:18:21 pm

এমনিতেই প্রেমে পড়লে মানুষ একটু আধটু 'গাধা' হয় ঠিকই, কিন্তু সত্যি সত্যিই এবার গাধার প্রেমে হাবুডুবু খাচ্ছে একটা ষাঁড়। গাধা আর ষাঁড়ের এই অদ্ভুত প্রেমে বিস্মিত নেটপাড়া। ষাঁড়টির নাম একেলি ও গাধাটি প্যাট্রলক্লো, দুজনেই থাকে ইথিওপিয়ার মালভূমিতে, তবে দুজনেই পুরুষ। আর এখনই সবচেয়ে বেশি অবাক বিজ্ঞানীরা। আলাদা আলাদা প্রজাতির দুটো প্রাণী, তারা আবার দুজনেই সমলিঙ্গের। একসঙ্গে সময় কাটাচ্ছে তারা, যৌন সম্পর্কেও জড়িয়ে যাচ্ছে। 


একদল গবেষক ইথিওপিয়ার বিশেষ প্রজাতির বাঁদর নিয়ে গবেষণা করছিলে, আর সেখানেই দেখতে পান, এই অবাক করা কাণ্ড। আর তারপরেই গবেষকের ওই দলটি এই গাধা-ষাঁড়ের প্রেমের উপরে বিশেষভাবে নজর রাখে। ৫১ বার যৌন মিলনের চেষ্টা আর ৩৪ বার মিলন, অবাক করে দেয় বিজ্ঞানীদের। 

মজার বিষয়, একা ষাঁড় না, এ সম্পর্কে সায় ছিল গাধারও। গাধাটিও, ষাঁড়ের কাছে কাছে থাকে, গা ঘেঁষে থাকে, যৌন আচরণেও সক্রিয় ভূমিকা নেয়। বিজ্ঞানীদের মতে এখনও পর্যন্ত ১৫০০-র বেশি প্রাণীর প্রজাতির মধ্যে এই ধরণের সম লিঙ্গের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। বোনবো বাঁদর বা বটলনোস্ ডলফিনদের মধ্যে স্ত্রী-পুরুষ উভয়েরই সমলিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায়। এছাড়াও আলাদা প্রজাতির প্রাণীদের মধ্যেও এই ধরণের যৌন আচরণ দেখা গেছে। 


বিজ্ঞানীদের মতে প্রাণীদের যৌন সঙ্গী বেছে নেওয়ার বিষয়ে লিঙ্গের পার্থক্য সেভাবে গুরুত্ব রাখত না। তবে বিবর্তনের মধ্যে দিয়ে বিপরীত লিঙ্গের সঙ্গীকে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। এবার বক্তব্য আসে, উদ্দেশ্য যদি বংশবিস্তার হয় তাহলে সমলিঙ্গের সঙ্গীর সাথে কেন জড়াবে? সেই উত্তর দিতে গিয়েই বিজ্ঞানীরা বলেছেন, কখনো কখনো মিলন সঙ্গীর অভাব, সঙ্গীর অভাব থেকেও এই ধরণের আচরণ স্বাভাবিক। তবে একেলি ও প্যাট্রলক্লো-র সম্পর্কের কারণ এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। বিবর্তনবাদ নাকি শুধুই কোনো লুকানো বন্ধুত্বের টানে এমন আচরণ, আপাতত সময় বলবে সেটা।