সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো প্যাডেল বা ব্যাটারি ছাড়াই পাঁচটি রাজহাঁসের টানে তরতর করে এগিয়ে চলছে একটি সাইকেল! বিস্ময়কর এই দৃশ্যটি নেটিজেনদের মধ্যে একইসাথে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করেছে। এক ব্যক্তি বেশ আরাম করে অদ্ভুত একটা সাইকেলের সিটে বসে আছেন। তার হাতে হ্যান্ডেল থাকলেও পা দুটো প্যাডেলে রাখা নেই। সাইকেলটির সামনের অংশের সাথে বিশেষ কায়দায় বাঁধা পাঁচটি রাজহাঁস। হাঁসগুলি ডানা ঝাপটে এবং দ্রুত পা চালিয়ে সামনের দিকে ছুটছে, আর তার টানেই চাকা ঘুরছে সাইকেলটির। পিচঢালা রাস্তায় এমন দুরন্ত গতি দেখে পথচারীরাও রীতিমতো অবাক।
মনের আনন্দে মানুষ কত কিছুই না বানিয়ে থাকেন। অনেকের কাছে সেটা চমৎকার উদ্ভাবনী ক্ষমতা মনে হয়, আবার অনেকের কাছে সেটা হাস্য-কৌতুকের বিষয়। কিন্তু তাতে কিছুই যায়-আসেনা বাংলাদেশের গাজীপুরের সুবাহান বয়াতি-র। এর আগেও বিচিত্র সব যান-বাহন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন সুবাহান। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে সুবাহান কিছু না কিছু সৃষ্টি করেই যায়। কে খারাপ বলল বা কে বলল ভালো, তা বিশেষ গায়ে মাখেননা এই মানুষটি।
প্রায় সব দেশেই জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম। তারই মাঝে এমন অভিনব যান দেখে নেটিজেনরা নানা মজার মন্তব্য করছেন। কেউ লিখছেন, ভবিষ্যতের "গ্রিন এনার্জি" এটাই, আবার কেউ বলছেন, "হাঁসগুলি মনে হয় জিম করে এসেছে!" তবে মজার ছলে ভিডিওটি ভাইরাল হলেও, পশুপ্রেমীদের একাংশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, হাঁসের পক্ষে মানুষের ওজনসহ আস্ত একটি লোহার সাইকেল টানা বেশ কষ্টসাধ্য এবং এতে প্রাণীগুলির ওপর অহেতুক চাপ সৃষ্টি হতে পারে। যদিও ভিডিও দেখে মনে হচ্ছে এটি নিছকই বিনোদন বা কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে করা হয়েছে, তবুও পশুদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ভিডিওটিতে এক নেটিজেনদের কমেন্ট, "পাঁচটি হাঁস, একটা গাধাকে চাপিয়ে নিয়ে দৌড়াচ্ছে।" সব মিলিয়ে, মানুষের অদ্ভুত সৃজনশীলতা আর ভাবনা-চিন্তার মিশেলে তৈরি ভাইরাল এই ‘হাঁস-চালিত সাইকেল’ এখন ইন্টারনেট দুনিয়ায় বিনোদনের অন্যতম খোরাক।