আপনি হাসপাতালে ভর্তি আর আপনাকে দেখতে আসবে বাড়ির লোক, এটাই খুব স্বাভাবিক বিষয়। আপনি যদি প্রেম করেন বা বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা প্রেমিকাও আপনাকে শুভেচ্ছা জানাতে আসবেন। কিন্তু আপনি যদি একসঙ্গে ১৭ টা প্রেম করেন, আর তাঁরা এসে "আপনি কার" সেই নিয়ে কেচাল বাঁধায়, সামলাতে পারবেন তো? না না ঘাবড়াবেন না, উদাহরণ দিচ্ছিলাম মাত্র। এরকমই একটি ঘটনা সামনে এসেছিল ২০১৫ সালে, চিনের চাংশা শহরে। দুর্ঘটনায় এক ব্যক্তির খোঁজ নিতে হাসপাতালে হাজির হন ১৭ জন প্রেমিকা, আর তারপরেই শুরু হয় কেলোর কীর্তি!
২০১৫ সালে চিনের হুনান প্রদেশের চাংশা শহরে সড়ক দুর্ঘটনায় আহত ইউয়ান নামের এক ব্যক্তিকে দেখতে ১৭ জন প্রেমিকা হানা দেয় হাসপাতালে। শুধু প্রেমিকাই নয়, 'মিস্টার ইউয়ান' নামেই পরিচিত এই ব্যক্তির বিষয়ে জানা গেছে যে, এক প্রেমিকার সাথে তাঁর একটি সন্তান রয়েছে এবং আরেকজন প্রেমিকার সাথে তিনি বিয়ের পরিকল্পনা করছিলেন। তারা হাসপাতালে আসার পরে নিজেদের মধ্যে কথা বলে বুঝতে পারেন ছেলেটি তাদের প্রত্যেককেই পরিকল্পিত ভাবে একই সাথে প্রতারণা করেছে। আরও জানা যায়, সম্পর্কগুলি গোপন রাখতে তিনি একাধিক ফোন ব্যবহার করতেন।
মিস্টার ইউয়ানের সাথে ১৮ মাস ধরে সম্পর্কে থাকা শিয়াও লি সে সময় স্থানীয় পত্রিকা 'শিয়াওশিয়াং চেন বাও'-কে বলেছিলেন, "হাসপাতালে ওর ভর্তির খবর শুনে আমি সত্যিই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন একের পর এক সুন্দরী নারীকে সেখানে আসতে দেখলাম, তখন আমি কাঁদতেও ভুলে গেছিলাম।" প্রেমিকারা 'রিভেঞ্জ অ্যালায়েন্স' নামে একটি অনলাইন চ্যাট গ্রুপ তৈরি করেছিলেন। এই চ্যাট গ্রুপেই তাঁরা জানতে পারেন যে ইউয়ান বিয়ে ও প্রেমের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়েছেন সকলের থেকেই। প্রেমিকাদের প্রত্যেকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও ইউয়ানকে গ্রেপ্তারও করা হয়।
সূত্র: বিবিসি নিউজ