Calcutta Television Network

মহাকাশচারীর সাথে প্রেম, পৃথিবীতে ফেরার রকেটের ভাড়া দিয়ে ২৫ লক্ষ খোয়ালেন জাপানের এক মহিলা

মহাকাশচারীর সাথে প্রেম, পৃথিবীতে ফেরার রকেটের ভাড়া দিয়ে ২৫ লক্ষ খোয়ালেন জাপানের এক মহিলা
17 October 2026 07:12:17 pm

প্রেম বেশ মিষ্টি জিনিস। কেউ ডাক্তারের প্রেমে পড়ে কেউ ইঞ্জিনিয়ারের, আবার কেউ কেউ তো বেকার ছেলের প্রেমেও পড়ে যায়। মায় মহাকাশচারীর প্রেমেও পড়া যায়। কিন্তু সে যদি বলে মহাকাশ থেকে বসে প্রেমের প্রস্তাব দিচ্ছি, আপনি কতটা বিশ্বাস করবেন? বা ধরুন পৃথিবীতে ফিরে আসার জন্য সে আপনার কাছে টাকা ধার চায়, আপনি দেবেন? না না, একটুও মজা করছি না। ২০২২ সালে জাপানের একটি সংবাদপত্রে একটি এরকমই খবর বেরিয়েছিল, কোনো এক মহাকাশচারী তার প্রেমিকাকে বিয়ে করার জন্য পৃথিবীতে ফিরতে চান, কিন্তু টাকা না থাকার কারণে ফিরতে পারছেন না। 

ঘটনাটি জাপানের। ইনস্টাগ্রামে জাপানের এক মহিলার সাথে এক ব্যক্তির পরিচয় হয়। নিজেকে মহাকাশচারী পরিচয় দেওয়া ওই ব্যক্তি দাবি করেছিলেন তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাজ করেন। আর ওখান থেকে বসেই তিনি ইনস্টাগ্রাম, মেসেজ বা বাকি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখেন। কথা এগোলে মহাকাশচারী ওই মহিলাকে প্রেম প্রস্তাব দেন। প্রথম দিকে ৬৫ বছর বয়সী ওই মহিলা পাত্তা না দিলেও, কথার জালে জড়িয়ে ভালোবাসায় সাড়া দেন। ব্যক্তিটি জানান যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান, কিন্তু টাকার অভাবে তিনি পৃথিবীতে ফিরতে পারছেন না। এরপর সেই ভুয়ো মহাকাশচারী মহিলার কাছে টাকা ধার চেয়ে বসেন। 

প্রেমে অন্ধ ওই মহিলা ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে ওই ব্যক্তিকে ৪৪ লাখ ইয়েন পাঠান, যা ভারতীয় টাকায় ২৫ লাখের কাছাকাছি । ওই  ব্যক্তি মহাকাশ স্টেশন থেকে রকেটে করে পৃথিবীতে আসার জন্য মহিলার কাছ থেকে এই টাকা নেন। কিন্তু এত টাকা পাঠানোর পরেও সে মহাকাশচারী পৃথিবীতে তো ফিরেই আসেননি উল্টে আরও টাকা দাবী করেন। পরে সন্দেহ হলে ওই মহিলা পুলিশে গেলে জানা যায় গোটা ঘটনাটাই কোনো এক প্রতারকের পাতা ফাঁদ, টাকা হাতিয়ে নেওয়ার জন্য। যদিও সেই মহাকাশচারী পরে ধরা পড়েছিল কি না তা জানা যায়নি কিন্তু মজার হলেও এই ঘটনা 'আন্তর্জাতিক রোম্যান্স স্ক্যাম' হিসাবে থেকে গেছে। 

×
  • CTVN