Calcutta Television Network

কলিযুগে রামায়ণ! শাশুড়ির নাক খুবলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বধূ

কলিযুগে রামায়ণ! শাশুড়ির নাক খুবলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বধূ
2 November 2026 • 01:48:28 pm

রামায়ণে লক্ষণ কেটেছিলেন সুর্পনখার নাক। আর কলিযুগে শাশুড়ির নাক খুবলে গ্রেপ্তার হলেন বৌমা। আপাত দৃষ্টিতে বিষয়টি হাসির হলেও, ভারতবর্ষে এখনো বহু বাড়ির বৌ-রা নির্যাতনের শিকার হন। ধৃত এই মহিলার দাবি বহুদিন ধরেই শাশুড়ির অত্যাচারের শিকার সে, একটা সময় আর সহ্য করতে না পেরে নাক কামড়ে খুবলে দিয়েছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকে। ঝগড়া চলাকালীন শাশুড়ি চায়না মণ্ডলের নাক কামড়ে দেন পুত্রবধূ পূর্বা মন্ডল। এরপরে পূর্বা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে চায়না মণ্ডল বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় প্রতিবেশীরা জানায়, শাশুড়ি-বৌমার মধ্যে এই ঝগড়া লেগে থাকত সবসময়েই। ঘটনার দিন সেই ঝগড়া চরমে পৌঁছায়। বাড়িতেও ছিলেন না অভিযুক্তের স্বামী। আর তখনই রেগে গিয়ে নাকের ডগা থেকে কামড়ে মাংস খুবলে নেয় পূর্বা। 

গ্রেপ্তার হওয়ার পরে পূর্বা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শাশুড়ি চায়না প্রায়ই তাকে মারধর করতেন। পূর্বার বিয়ে হয়েছে ছয় বছর আগে, কিন্তু শাশুড়ি নানা বিষয়ে পূর্বার উপরে অত্যাচার চালাতো। ৪৯৮ ধারায় মামলাও করেছিল পূর্বা, কিন্তু তারপরেও অত্যাচার থামেনি। ঘটনার দিন আর নিজেকে সামলাতে না পেরে চায়নার নাক কামড়ে অনেকটা মাংস খুবলে নেন তিনি। পূর্বা আরও দাবি করেন, ওই অবস্থাতেও চুলের মুঠি ধরে মারধর করেই যায় চায়না মণ্ডল। আহত চায়নাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, 'শাশুড়ি এত বেশি সব ব্যাপারে নাক গলাতো, যে নাকটাই কেটে দিল।' আরেক নেটিজেনের কমেন্ট, 'কলিযুগের সুর্পনখার নাক দুগ্গা কেটে দিয়েছে।' তবে বধূনির্যাতন নিয়েও সরব হয়েছেন অনেকেই। একজন লিখেছেন, 'এই যুগেও দাঁড়িয়ে এই ধরনের নির্যাতনের ঘটে ঘটে যাচ্ছে। যা করেছে বেশ করেছে।'