Calcutta Television Network

এক ছাদের তলায় থেকেও বাড়ছে মানসিক দূরত্ব? দাম্পত্যের একঘেয়েমি কাটিয়ে ফেরান হারানো রোমান্স

এক ছাদের তলায় থেকেও বাড়ছে মানসিক দূরত্ব? দাম্পত্যের একঘেয়েমি কাটিয়ে ফেরান হারানো রোমান্স
10 November 2026 • 06:33:37 pm

অরিত্র আর দেবস্মিতার ৬ বছরের দাম্পত্য জীবন। অফিস, বাড়ি আবার অফিস-৩৬৫ দিনের এই রুটিনে একপ্রকার বিধ্বস্ত ওরা দুজনেই। বাড়ি ফিরেই রাতের রান্না-বান্না, তারপর ওই খেতে খেতে খবর দেখা, তারপর বিছানা, দুজন দুদিকে। শেষ চার বছর এভাবেই কাটিয়ে দিয়েছে দেবস্মিতা। ঝগড়া-অশান্তির ভয়ে কথা বাড়ায় না ওদের দুজনের কেউই। বিছানায় মুখ গুঁজেই রাতগুলো কাটিয়ে দেয় একে অপরকে এড়িয়ে। 

দীর্ঘদিন ধরে চলা সম্পর্ক গুলো কখনোই সমান্তরাল হয়না। 'এই ভালো-এই খারাপ' নিয়েই চলতে হয়। সম্পর্কে যৌনতা, পারস্পরিক সন্মান সব কিছুকে ছাপিয়ে যেটা মূল বিষয় হয় দাঁড়ায়, একে অপরকে বোঝার ক্ষমতা। একটা ভালো দিন বা একটা খারাপ দিনে 'ইমোশনালি' একে অপরের পাশে থাকা। তবেই সম্পর্ক, ভালোবাসা, প্রেম হয় আরও মজবুত। 

'ইমোশনাল ডিসট্যান্স'- দুটো মনের মধ্যে যখন দূরত্ব বাড়তে থাকে, তত কমে যেতে থাকে কথা বলা। আর আগের মত গল্প বা দিনের সব কথা এসে সঙ্গীকে বলার মধ্যে অনীহা দেখা দেয়। একই ছাদের তলায় থেকেও মনের মধ্যে তখন একাকিত্ব অনুভব হয়। কিন্তু ফের ঝগড়া-অশান্তি বা ভুল বোঝাবুঝির ভয়ে সঙ্গীকে আর এসব না বলেই নিজের মনে চেপে রাখা, তখন সেই সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়াও এখন আমরা প্রায় প্রত্যেকেই ফোন হাতে ব্যস্ত থাকি, সেই ব্যস্ততাও মাঝে মাঝে সঙ্গীর সঙ্গে একটা বড় মাপের দূরত্ব তৈরি করে। 

আগেই বলেছি ,সম্পর্ক কখনো সমান্তরাল হয়না। একটা সময়ের পরে সব সম্পর্কেই স্পার্ক চলে যায়। কিন্তু কথা, সঙ্গীর প্রশংসা, আড্ডা, একটা সুন্দর সন্ধ্যে বা রাত, অনেক খারাপের ওষুধ হয়ে দাঁড়ায়। সঙ্গীর কথা শোনার অভ্যেস করুন, ভালো বা খারাপ সব কথা মন দিয়ে শুনুন, গুরুত্ব দিন তাকে। ছোট ছোট বিষয়ে ধন্যবাদ জানান সঙ্গীকে, আপনার জীবনে তার উপস্থিতির গুরুত্ব কতখানি তা প্রকাশ করুন। সারাদিনের গল্প নিয়ে আলোচনা চলুক খাবার টেবিলে। আর রাতে থাক উত্তাল যৌনতা। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলেই সম্পর্কে ফিরবে স্পার্ক, আস্তে আস্তে কমে দূরত্ব, সম্পর্ক হবে রঙিন।