Calcutta Television Network

পাঁঠার গায়ে শ্যাম্পু ঘষতেই উধাও কালো রং! কলপ করে বিক্রিবাট্টা চলে 'বলির পাঁঠা'

পাঁঠার গায়ে শ্যাম্পু ঘষতেই উধাও কালো রং! কলপ করে বিক্রিবাট্টা চলে 'বলির পাঁঠা'
2 November 2026 • 05:07:20 pm

আর কদিন পরেই কালীপুজো। আর শক্তিপূজায় বলি বিধেয়। তারাপীঠ সহ বিভিন্ন শক্তিপীঠেই এখনো বলি হয়। আর ভক্তের সেই বিশ্বাসকেই হাতিয়ার করেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। কালীপূজায় বলির জন্য কালো পাঁঠার কদর বেশি। কিন্তু কালো পাঁঠা বাজারে পাওয়া যায় খুব কম। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে কিছু চক্র। তবে তারাপীঠ এলাকায় এই ঘটনা একেবারেই নতুন না। 

বলির মানত থাকার জন্য হাট থেকে কালো পাঁঠা কেনেন রামপুরহাটের এক বাসিন্দা। খাওয়া-দাওয়া দিয়ে যত্নেই ছিল সেই পাঁঠা। কিন্তু বিপত্তি হল স্নান করাতে গিয়ে। যত পাঁঠার গায়ে শ্যাম্পু ঘষা হয়, তত কালো রং উঠতে থাকে। শেষে সব কালো রং উঠে গেলে, পাঁঠার আসল রূপ বেরিয়ে  আসে। তা দেখে চক্ষু চড়কগাছ ওই ক্রেতার। 

কালীপুজোর সময় কালো পাঁঠার খোঁজ পড়ে বেশি। তাও নিখুঁত কালো পাঁঠা। এক একটি পাঁঠার দাম ওঠে ৫০০০ টাকারও বেশি। কিন্তু সাদা বা অন্য  রং হলে, সেই পাঁঠা একেবারেই বিক্রি হয়না। ফলে ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা। আর সেই ক্ষতি থেকে বাঁচতেই অন্য রংয়ের পাঁঠাকে কলপ করে কালো করা হয়। ভক্তরা যারা বলির মানত করেন, তারা সেই পাঁঠা চড়া দামে কিনে মা-কে উৎসর্গ করেন। বীরভূমের বিভিন্ন শক্তি মন্দির ছাড়াও এভাবে ব্যবসা চলে আরও অনেক মন্দিরেই। 

এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে এক নেটিজেনদের বক্তব্য ছিল, 'কোন পাঁঠা ওই পাঁঠাটাকে স্নান করিয়েছে?' অনেকেই আবার বলির বিরোধিতা করেছেন। বলেছেন, 'মা কখনো সন্তানের রক্ত চায় না।'