Calcutta Television Network

একা থাকা মানেই অপূর্ণতা নয়। আজ বিশ্ব সিঙ্গেল দিবস, নিজের সঙ্গ উপভোগ করার দিন

একা থাকা মানেই অপূর্ণতা নয়। আজ বিশ্ব সিঙ্গেল দিবস, নিজের সঙ্গ উপভোগ করার দিন
11 November 2026 • 01:38:25 pm

ভালোবাসা দিবসে আমরা সবসময়েই অন্যকে ভালোবাসার কথা বলি। কিন্তু নিজেকে ভালোবাসার কথা কি মনে থাকে? আজ ১১ নভেম্বর, বিশ্ব সিঙ্গেল দিবস বা ‘সিঙ্গেলস ডে’। নিজের একাকিত্বকে উৎসবের রঙে রাঙিয়ে নেওয়ার এবং আত্মমর্যাদা উদ্‌যাপনের দিন আজ। এই দিনটির পেছনে রয়েছে কিন্তু এক মজার ইতিহাস। ১৯৯৩ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল অবিবাহিত ছাত্র ভ্যালেন্টাইনস ডে-র বদলে নিজেদের জন্য একটি বিশেষ দিন ঠিক করেন, কারণ তারা ছিলেন সিঙ্গেল। একাকিত্ব উদযাপন করার জন্য ১১/১১ তারিখের চারটি ‘১’ বা একক সংখ্যাকে তারা একা থাকার প্রতীক হিসেবে বেছে নেন। শুরুতে এটি শুধু ছেলেদের ‘ব্যাচেলরস ডে’ হিসেবেই পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই দিনটি নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

আমাদের সমাজে এখনও সঙ্গীহীন, অবিবাহিত বা এক থাকাকে অনেক সময় অপূর্ণতা হিসেবে দেখা হয়। সিঙ্গেল দিবস কিন্তু সেই চিরাচরিত ধারণাকে বদলে দেওয়ার জন্যই। ভালো থাকার জন্য সবসময় অন্য কারও ওপর নির্ভর করতে হয় না। নিজের মতো করে সময় কাটানো, নিজের শখ পূরণ করা এবং নিজের সাফল্য উদ্‌যাপন করাই হলো জীবনের প্রকৃত সুখ।


তাই আজ পছন্দের কোনো বই, পোশাক বা গ্যাজেট কিনে নিজেকে দিন সারপ্রাইজ। পছন্দের কোনো রেস্তোরাঁয় গিয়ে একা একা প্রিয় খাবার উপভোগ করুন কিংবা দেখে আসুন ঝকঝকে একটা সিনেমা। চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার কল্যাণে দিনটি এখন বিশ্বের বৃহত্তম অনলাইন শপিং উৎসবের দিনে পরিণত হয়েছে। অনলাইনে পছন্দের কেনাকাটাও সেরে নিতে পারেন। সম্পর্কে থাকা যেমন আনন্দের, নিজের সঙ্গ উপভোগ করতে পারাটাও তেমনিই আনন্দের। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। শুভ বিশ্ব সিঙ্গেল দিবস!