Calcutta Television Network

নব্বই পেরিয়েও কাঁধে ঢাক, জলপাইগুড়ির রাজকিশোর মাহাতোর অদম্য জীবন সংগ্রাম

নব্বই পেরিয়েও কাঁধে ঢাক, জলপাইগুড়ির রাজকিশোর মাহাতোর অদম্য জীবন সংগ্রাম
24 September 2026 • 12:35:09 pm

শরতের নীল আকাশ আর মাঠে কাশফুলের দোলা জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মা আসবেন বাপের বাড়ি। জ্বলবে আলো ঢাকে পড়বে কাঠি। কিন্তু এই আলোর নিচেই কোথাও জমে রয়েছে অন্ধকার। উৎসবের দিন গুলো আমাদের কাছে আনন্দের হলেও অনেকের কাছে দিনগুলি রুটি-রুজির, কয়েকমাস দুমুঠো ঠিকঠাক ভাবে চলে যাবে, এই আশায় দিন গোনে অনেকেই। লাইট, প্যান্ডেল, মৃৎশিল্পী আর ঢাকি, এদের ছাড়াও আরও অনেকেই আছে এই চারটে দিন তাদের কাছে গোটা বছরের উপার্জনের সময়।  

ঢাকে কাঠি না পড়লে মা আসেন না। কিন্তু সবচেয়ে অন্ধকারে থেকে যান এই ঢাকিরাই। গোটা বছরে তাদের খোঁজ না থাকলেও, পেশার তাগিদে পূজার সময়ে ওরা পাড়ি জমায় শহরে। রাজকিশোর মাহাতো-ও পেশায় একজন ঢাকি, কিন্তু তাঁর জীবনের গল্পটা একটু আলাদা। জলপাইগুড়ির ঘুমটি এলাকার বাসিন্দা রাজকিশোর, নব্বই পেরিয়েও জীবন-যুদ্ধে হার মানেননি। নব্বইয়ের এই তরুণ আজও নিজের কাঁধে ঢাক তুলে নিয়ে পথে পথে ঘুরে বেড়ান, শুধু একটু সম্মানের সঙ্গে বেঁচে থাকার তাগিদে। আজকের দিনে যেখানে অনেক মানুষ বয়সের ভারে বা পরিস্থিতির চাপে অবসাদগ্রস্ত হয়ে পড়েন, সেখানে রাজকিশোর বাবু ব্যতিক্রম। বয়সের কারণে শরীর ঝুঁকে পড়েছে, হাঁটাচলা করতেও বেশ কষ্ট হয়, কিন্তু যেই মুহূর্তে ঢাকের কাঠি তাঁর হাতে ওঠে, তাঁর শরীরের সমস্ত ক্লান্তি যেন ম্যাজিকের মতো উবে যায়। 

রাজকিশোরের সঙ্গে ঢাকের সম্পর্ক বহু পুরানো, এই বাদ্যযন্ত্রই তার রুটিরুজি, উপার্জন। আর দুর্গাপূজা এলে বাড়তি রোজগারের আশায় নব্বই-তেওঁ ঢাক কাঁধে বেরিয়ে পড়েছেন তিনি।  রাজকিশোর জানান, বয়সের কারণে হাঁটাচলায় সমস্যা হলেও, ঢাক বাজানোর কাজ করতে তাঁর ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে যখন ঢাক বায়না আসে, তখন তিনি আনন্দিত হন। তবে তাঁর কাছে এটা শুধুই শিল্প নয়, এই চারদিনের উপার্জন তাঁর জীবনে বাড়তি অক্সিজেন জোগায়। তাই নব্বই-তেও রাজকিশোর কাঁধে ঢাক নিয়ে অপেক্ষা করেন একটা বায়নার। 

রাজকিশোর মাহাতোর এই লড়াই শুধুই কি দু-মুঠো অন্নের সংস্থানের জন্য? নাকি নিজের আত্মসম্মান বজায় রাখার লড়াই। শেষ জীবনে কারোর দয়ার পাত্র না হয়ে, নিজের প্রতিভার জোরে স্বাবলম্বী থাকার এই জেদ সমাজকে এক বড় বার্তা দেয়। তাঁর জীবনসংগ্রাম আমাদের শেখায় যে বয়স যতই হোক, বাঁচার ইচ্ছা বা  নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কখনো থামিয়ে দেওয়া উচিত নয়। ঢাকের চড়াম-চড়াম শব্দে রাজকিশোর মাহাতো যেন প্রতিদিন নতুন করে জীবনের বোল বাজিয়ে চলেছেন।

×
  • CTVN