ফাল্গুনের দোল পূর্ণিমা মানেই রঙের উৎসব। কিন্তু এ বছর সেই দিনই আকাশে ঘটতে চলেছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা-বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ২০২৬ সালের ৩ মার্চ, মঙ্গলবার, পূর্ণিমা তিথিতে এই গ্রহণ ঘিরে দেশজুড়ে চরম উৎসাহ তৈরি হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটাই চলতি বছরের প্রথম এবং দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ভারতে গ্রহণ শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। মোট স্থায়িত্ব প্রায় ৩ ঘণ্টা ২৭ মিনিট। পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে বিকেল ৪টা ৩৪ মিনিটে।
তবে কলকাতাবাসীর জন্য রয়েছে খানিক আক্ষেপ। কারণ চাঁদের উদয় হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। অর্থাৎ গ্রহণ শেষ হওয়ার মাত্র ২৫ মিনিট আগে চাঁদ দৃশ্যমান হবে। ফলে কলকাতা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে না, কেবল শেষ অংশটুকুই দেখা সম্ভব। দেশের রাজধানী দিল্লিতেও একই সময়ে চন্দ্রোদয় হওয়ায় সেখানেও সীমিত সময়ের জন্য গ্রহণ দৃশ্যমান হবে।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য-মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশে গ্রহণ আংশিকভাবে দেখা যাবে। এছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানেও চাঁদ আংশিক দৃশ্যমান হবে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সূতক কাল শুরু হবে সকাল ৬টা ২০ মিনিটে এবং গ্রহণ শেষের সঙ্গে সঙ্গেই তা সমাপ্ত হবে। অনেকেই এই সময় উপবাস, পূজা বা মন্ত্রজপ করে থাকেন।