একটা স্টেবেল সম্পর্কে থাকার পরেও, আরেকজন কাউকে ব্যাক-আপ বা বিকল্প হিসাবে ঝুলিয়ে রাখাটা আজকালকার দিনে খুবই স্বাভাবিক। একের অধিক সম্পর্ক বা ফ্রেন্ডস উইথ বেনিফিট এই ধরণের সম্পর্কের উদাহরণ ভুরি-ভুরি দেখা যায়। মেবিলেশনশিপ, ব্রেডক্র্যাম্বিং, সিচুয়েশনশিপের পরে জেন সম্পর্কের নতুন নাম কুকি জারিং।
সোজা ভাষায় বলতে গেলে, কৌটোয় আমরা বিস্কুট রেখে দেই অবসর সময়ে খাবার জন্য বা হঠাৎ যদি খুব ক্ষিদে পায় হাতের সামনে কিছু না থাকলে বিস্কুট দিয়েই পেট ভরাই। সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা এরকমই। কেউ একজন তার স্টেবেল সম্পর্কের পাশাপাশি অন্য কাউকে অতিরিক্ত বা 'সিকিওরিটি ব্ল্যাঙ্কেট' হিসেবে ধরে রাখে, তখন তাকে কুকি জারিং বলে।
যে কুকি জারিং করছে, সে হয়তো ইতিমধ্যেই অন্য কোনো সিরিয়াস সম্পর্কে আছে অথবা অন্য কাউকে সে ভালোবাসে। কিন্তু যদি সেই সম্পর্কটি কোনো কারণে ভেঙে যায় বা সফল না হয়, সেই ভয়ে সে আপনাকে একটি ব্যাক-আপ অপশন হিসেবে রেখে দেয়। মজার বিষয়, সে আপনার সাথে নিয়মিত ফ্লার্ট করবে, মেসেজ করবে বা ডেটেও যাবে, কিন্তু কখনই সম্পর্কের কোনো নাম দেবে না, থাকবে না কোনো ফিউচার প্ল্যান বা কমিটমেন্ট।
যে মানুষটি এই পরিস্থিতির শিকার হচ্ছে, সে সাধারণত বুঝতেই পারে না যে তাকে কেবল একটি অপশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। মনোবিজ্ঞানীদের মতে, এটি একটি অত্যন্ত ক্ষতিকর ডেটিং অভ্যাস, যেখানে একজন মানুষ নিজের স্বার্থে অন্য একজনের আবেগ নিয়ে খেলা করে তাকে স্ট্যান্ডবাই-তে রেখে দেয়। সম্পর্কে এই ধরণের কিছু আঁচ করলেই সেখান থেকে জলদি নিজেকে বের করে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন তারা।