Calcutta Television Network

এটিএমের বদলে পাসবুক মেশিন চুরি, 'আজব চুরি' করে শ্রীঘরে গেছিল চার আহাম্মক

এটিএমের বদলে পাসবুক মেশিন চুরি, 'আজব চুরি' করে শ্রীঘরে গেছিল চার আহাম্মক
13 November 2026 • 06:21:00 pm

ধরুন আজ আপনার দিন খারাপ গেছে, আর কিচ্ছু ভালো লাগছে না। একদম ঘাবড়াবেন না, এই পৃথিবীতে এরকম বহু মানুষ আছে, যাদের দিন আপনার থেকেও খারাপ গেছে। কথায় আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু চুরি করতে গিয়েও যে সাধারণ জ্ঞান আর প্রযুক্তির ন্যূনতম ধারণা থাকা জরুরি, তা হাড়ে হাড়ে টের পেয়েছিল অসমের গুয়াহাটির চার গুণধর চোর। রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টায় ব্যাঙ্কের এটিএম মেশিন লুট করতে গিয়েছিল তারা। কিন্তু কিছুটা তাড়াহুড়োয় আর কিছুটা অজ্ঞতার জন্যই, টাকার মেশিনের বদলে তারা কাঁধে করে তুলে নিয়ে এল আস্ত এক পাশবুক প্রিন্টিং মেশিন!

২০১৬ সালের সেপ্টেম্বর, ঘটনাটি গুয়াহাটির বিনোভানগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার। চার যুবক-সাহাব আলি, সাইফুল রহমান, মইনুল হক এবং সাদ্দাম হুসেন-গভীর রাতে ‘মিশন এটিএম’-এ নেমেছিল। অন্ধকারের মধ্যে এটিএম কাউন্টারে ঢুকে তাদের চোখ চকচক করে ওঠে। তারা ভাবল, এই সেই আলাদিনের প্রদীপ, যা ঘষলেই ঝনঝন করে বেরিয়ে আসবে কড়কড়ে নোট। ব্যস, আর যায় কোথায়! গায়ের জোরে মেশিনটি উপড়ে নিয়ে সোজা গাড়িতে তুলে চম্পট দেওয়ার চেষ্টা করে তারা।

কিন্তু বিধাতা বোধহয় সেদিন একটু অন্যরকম মুডে ছিলেন। এদিকে চোরেরা যে গাড়িটি নিয়ে চুরি করতে এসেছিল, সেটিও যেসে গাড়ি নয়-অসম বিধানসভার স্টিকার লাগানো একটি ভিআইপি গাড়ি! বেতকুচি এলাকায় রাতের টহলদারি পুলিশভ্যানের চোখে পড়ে যায় ভিআইপি স্টিকার লাগানো গাড়ির সন্দেহজনক গতিবিধি। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় যন্ত্রটি। ডিউটিরত পুলিশকর্মীরা প্রথমে ভেবেছিলেন এটি বোধহয় এটিএম মেশিন। কিন্তু ভালো করে দেখতেই  তাঁদের চোখ কপালে ওঠে, আর পরক্ষণেই হাসির রোল পড়ে যায়! এ তো টাকার মেশিন নয়, এ হলো গ্রাহকদের পাশবুক আপডেট করার মেশিন! মেশিনটি ভাঙলেও যে  চোরদের কপালে এক টাকাও জুটত না, তা বলাই বাহুল্য।

এই ঘটনা জানা-জানির পরে সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় ওঠে। অনেকেই মজা করে বলছেন, চোরেরা বোধহয় নিজেদের কালো টাকার হিসাব ঠিকমতো রাখার জন্যই আগেভাগে পাশবুক মেশিন চুরি করেছিল! সব মিলিয়ে, গুয়াহাটির এই চুরি-বিভ্রাট, চোরদের শ্রীঘরে পাঠানোর পাশাপাশি আমজনতাকে বেশ ভালোই বিনোদন দিয়েছে।