Calcutta Television Network

হলুদ ধাতুর ধস! এক মাসেই সোনার দামে প্রায় ১০,০০০ টাকার পতন!

হলুদ ধাতুর ধস! এক মাসেই সোনার দামে প্রায় ১০,০০০ টাকার পতন!
4 November 2025 • 04:41:45 pm

সোনার বাজারে চলতি সময়ে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দীপাবলির আগে যে সোনা ছুঁয়েছিল রেকর্ড দামের শিখর, উৎসবের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে তার মূল্য। অক্টোবরের শুরুর দিকে দেশে ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম দাম দাঁড়িয়েছিল প্রায় ১,৩২,৭৭০ টাকা-যা ছিল বছরের সর্বোচ্চ। কিন্তু নভেম্বর পড়তেই সেই দাম নেমে এসেছে ১,২২,৪৬০ টাকায়, অর্থাৎ এক মাসের মধ্যে কমেছে প্রায় ১০,০০০ টাকা। আসলে সোনার দাম নির্ভর করে দুটি মূল বিষয়ের উপর ১. আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য, ২. মার্কিন ডলারের বিনিময় হার। 


ডলারের দাম বাড়লে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কমে যায়। পাশাপাশি উৎসব শেষ হয়ে গেলে দেশীয় বাজারে গয়না কেনার চাহিদাও কমে আসে। দুইয়ের প্রভাবেই এবার সোনার দামে নেমে এসেছে এই বড় পতন। এদিকে দেশের বিভিন্ন শহরে সোনার দাম প্রায় একই থাকলেও সামান্য পার্থক্য রয়েছে। যেমন- কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১,২২,৪৬০ টাকা। ২২ ক্যারেট সোনা ১,১২,২৫০ টাকা, আর ১৮ ক্যারেট সোনা ৯১,৮৪০ টাকার ঘরে। 


অন্যদিকে দিল্লি ও চেন্নাইতে দাম তুলনামূলক বেশি। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,২২,৭৩০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৯৩,৯০০ টাকা। বিশেষজ্ঞদের মতে, সোনার দাম আরও কিছুদিন এই মাত্রায় স্থিতিশীল থাকতে পারে। তবে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, সুদের হার এবং ডলারের দামের উপর নির্ভর করে আগামিদিনে দাম আবার বাড়তেও পারে।


যা বোঝা যাচ্ছে, যারা দীপাবলির ব্যস্ততার কারণে সোনা কিনতে পারেননি, তাদের জন্য এখন হতে পারে উপযুক্ত সময়। দাম কমেছে - তবে বেশি দেরি করলে আবার দাম বেড়ে যেতে পারে।

×
  • CTVN