Calcutta Television Network

দোলের দিনে চেনা ছকের মিষ্টির আড়ালে অচেনা কিছু স্বাদ!

দোলের দিনে চেনা ছকের মিষ্টির আড়ালে অচেনা কিছু স্বাদ!

3 March 2026 , 01:02:39 pm

দোল মানেই রঙ, আড্ডা আর মিষ্টির বাহার। একসময় দোলের কয়েক দিন আগে থেকেই বাড়িতে মিঠাই বানানোর ধুম পড়ত। এখন ব্যস্ত জীবনে সেই সময় কোথায়? দোকানের রঙিন রসগোল্লা বা চকোলেট সন্দেশে পসরা সাজলেও, ঘরোয়া মিষ্টির আন্তরিক স্বাদ যেন অন্যরকম। তাই এ বছরের দোলে চেনা মিঠাইকে দিন নতুন মোড়-চটজলদি বানানো যায়, এমন কয়েকটি অভিনব রেসিপিই হতে পারে আপনার চমক।


ঠান্ডাই লাড্ডু- 

বাদাম, কাজু, পেস্তা, গোলমরিচ, এলাচ, পোস্ত, চারমগজ, মৌরি, জাফরান ও গোলাপপাপড়ির গুঁড়োর সঙ্গে ওট্‌স, খেজুরবাটা মিশিয়ে বানান লাড্ডু। সাদা ও রঙিন চকোলেটে ডুবিয়ে ফ্রিজে সেট করে নিলেই তৈরি রঙিন ঠান্ডাই লাড্ডু-দোলের রঙের মতোই উজ্জ্বল।

পাউরুটির গুজিয়া

চিনির কেশর-এলাচের রস বানিয়ে রাখুন। গুঁড়ো দুধ, নারকেল, কাজু দিয়ে পুর তৈরি করুন। গোল করে কাটা পাউরুটিতে পুর ভরে অর্ধচন্দ্রাকারে মুড়ে ভেজে রসে ডুবিয়ে রাখলেই তৈরি নরম, রসালো গুজিয়া।


রসমালাই লাড্ডু

ছানা, কাজু, চিনি, এলাচ বেটে তাতে গুলকন্দ ও রঙ মিশিয়ে গোলা বানান। দুধে ভেজানো পাউরুটির মোড়কে ছানার বল ভরে উপর থেকে ঘন মালাই ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন-রসমালাইয়ের নতুন রূপ।

কফি শ্রীখণ্ড

ঝরঝরে টক দইয়ের সঙ্গে কফি গুঁড়ো, মিল্ক চকোলেট ও চিনি মিশিয়ে ভাঁড়ে জমিয়ে নিন। উপরে চকো চিপ্‌স ছড়িয়ে ঠান্ডা পরিবেশন-আট থেকে আশি, সবার পছন্দ।

দইয়ের মালপোয়া

ফেটানো দই ও ময়দার মিশ্রণ ঘিয়ে ভেজে চিনির রসে ডুবিয়ে নিন। উপর থেকে ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন নরম মালপোয়া।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN