Calcutta Television Network

কন্ডোম ছাড়াই সুরক্ষিত মিলন? আশার আলো দেখাচ্ছেন মার্কিন গবেষকরা

কন্ডোম ছাড়াই সুরক্ষিত মিলন? আশার আলো দেখাচ্ছেন মার্কিন গবেষকরা
2 November 2026 • 12:33:28 pm

খুব উত্তেজক মুহূর্তে কন্ডোম ব্যবহার করা বড্ড ঝক্কির কাজ। তাছাড়া শারীরিক মিলনের সময় অনেক পুরুষ বা নারী কন্ডোমের ব্যবহার করতে চান না। এবার সেসব ঝামেলার অবসান হতে পারে খুব শিগগিরই। পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি তৈরি করছেন মার্কিন গবেষকরা। একটি ট্যাবলেট খেলেই ৬-৮ ঘন্টার জন্য শুক্রাণুর গতি রোধ করা সম্ভব বলেই দাবি ওই গবেষকদের। 


এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি একটি বড় ইস্যু। অসুরক্ষিত মিলনের পরে সন্তানধারণের ঝুঁকি এড়াতে মহিলারা গর্ভনিরোধক ওষুধ খান। তবে অনেক সময় দেখা গেছে, সেই ওষুধের প্রভাবে নারী শরীরে বেশ কিছু হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। শুধু তাই নয় বহু মহিলাদের এই ধরণের ওষুধ এভয়েড করতেও দেখা যায়। আমেরিকার ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকদের দাবি, ওষুধটি খাবার আধ ঘন্টার মধ্যেই শুক্রাণুর চলাচলের গতি থেমে যাবে। তবে শুক্রাণু উৎপাদনে কোনো রকম বাধা আসবে না। তারা আরও জানিয়েছেন, ওষুধের প্রভাবে বীর্য স্খলনে কোনো সমস্যা হবে না এবং মিলন হবে স্বাভাবিক। 

তবে বিজ্ঞানীরা নিশ্চিতভাবে এই বড়িকে গর্ভনিরোধক বলছেন না। ওষুধটির অনুমোদনের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এখনও। ৮০ শতাংশ ক্ষেত্রেই ওষুধটি সফলভাবে কাজ করেছে। তবে এখনও আরও পরীক্ষা বাকি। কোনো হরমোনাল পরিবর্তন বা ওষুধের প্রভাবে শুক্রাণু উৎপাদনে বাধা, সেসব নিয়ে আরও গবেষণা চলছে। তবে গবেষকদের দাবি, এই ওষুধটি একেবারেই পার্শ্বপ্রতিক্রিয়াহীন। কিন্তু অনুমোদন না পাওয়া অব্দি ওষুধটি বাজারে আসবে না। ততদিন পুরুষদের কন্ডোমেই ভরসা রাখতে হবে।