২০১২ সালে মুম্বাইয়ের ইরলা অঞ্চলের এক গির্জায় ঘটেছিল অভূতপূর্ব ঘটনা। ৫ই মার্চ সকালে, গির্জার ক্রুশবিদ্ধ যিশুখ্রিষ্টের মূর্তির পা থেকে হঠাৎ-ই ফোঁটা ফোঁটা জল ঝরতে শুরু করে। এই খবর বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান হাজার হাজার ভক্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অনেক রোগী রোগমুক্তির আশায় সেই জলকে ‘অলৌকিক জল’ ভেবে পানও করেন। অনেকে বোতলে করে সেই জল বাড়িতেও নিয়ে যান। কিন্তু এই অলৌকিকতার আড়ালের কাহিনিটা ছিল খুবই হাস্যকর।
ঘটনাটির রহস্য উন্মোচনে এগিয়ে আসেন বিখ্যাত যুক্তিবাদী ও অলৌকিক দাবির অনুসন্ধানকারী সনল এডামারুকু। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে মূর্তিটি এবং তার চারপাশের পরিবেশ পরীক্ষা করেন। মূর্তির পিছনের দেওয়ালে লিকেজের উৎস খুঁজতে গিয়ে আসল ঘটনাটি চোখে পড়ে তাঁর। মূর্তির ঠিক পিছনেই থাকা একটি টয়লেটের ড্রেনেজ পাইপ জ্যাম হয়ে লিক করছিল। সেই টয়লেটের নোংরা জলই দেওয়াল ভেদ করে যিশুর পায়ের আঙুল দিয়ে চুইয়ে পড়ছিল।
সনল এডামারুকু এই ঘটনার পিছনে সত্যতা প্রকাশ করার পরে চরম ক্ষোভের মুখে পড়েন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তিনি নির্দিষ্ট একটি ধর্মীয় সংগঠনের থেকে প্রাণনাশের হুমকি পেতে শুরু করেন। গ্রেপ্তার এড়াতে শেষ পর্যন্ত তিনি ফিনল্যান্ডে চলে যেতে বাধ্য হন। ওই নোংরা জল খাওয়ার কারণে কলেরা বা ওই রকমের রোগ হওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ক্যাথলিক সম্প্রদায় ঘটনাটিকে অলৌকিক বলে ঘোষণা করেনি। ঘটনাটি মজাদার হলেও, অন্ধবিশ্বাস আর কুসংস্কার আমাদের চোখে ঠুলি পরিয়ে রাখে, সেটাই আরেকবার প্রমাণ করে।