Calcutta Television Network

ডালডার কৌটোয় রাখা মিষ্টি থেকে হোয়াটসঅ্যাপের শুভেচ্ছা বার্তা, পাল্টেছে বিজয়ার কালচার

ডালডার কৌটোয় রাখা মিষ্টি থেকে হোয়াটসঅ্যাপের শুভেচ্ছা বার্তা, পাল্টেছে বিজয়ার কালচার
22 October 2026 11:18:37 am

আমাদের ছোটবেলায় বিজয়া দশমী মানেই বাড়িতে আত্মীয়দের আসা-যাওয়া। সাথে দেদার আড্ডা, হৈচৈ, আর খাওয়াদাওয়া। নাড়ু, জিবেগজা, নিমকি, করচিত্তহরণী, লবঙ্গলতিকা আরও কত সব মিষ্টি। ডালডার কৌটো করে সব তুলে রাখা হত রান্নাঘরের ভাঁড়ারে। শুধুমাত্র বাড়িতে কেউ বিজয়ার প্রণাম সারতে এলে, প্লেটে প্লেটে আসত সব কিছু। নাহলে চুরি করে খাওয়া ছাড়া আর তো উপায় ছিল না। সেই ডালডার কৌটো আছে বটে, কিন্তু সেসব মিষ্টি বানানোর লোক আজ আর নেই। সবকিছু রেডিমেডের যুগে এসব এখন তো মিষ্টির দোকানেই পাওয়া যায়। কিন্তু মা-ঠাকুমার হাতের স্বাদ পাওয়া যায় কি?


যে সময়টার কথা বলছি, তখনও চিঠিপত্র আসত বাড়িতে। দিল্লি বা মুম্বাই থেকে লম্বা শুভ বিজয়ার শুভেচ্ছা। পোস্টকার্ডে মুড়ে একফালি ভালোবাসা। 'ভালোবাসার রুণু, বিজয়ার প্রণাম নিস', ব্যস! এই একটাই শব্দ মনকে পৌঁছে দিত সেই প্রেরক মানুষটির কাছে। সে দিন পাল্টালো, টেলিগ্রাম থেকে ল্যান্ড ফোন তারপরে হাতে হাতে মোবাইল। পোষ্টকার্ডগুলো আপাতত স্মৃতির সিন্দুকেই বন্দি।   

সময় পাল্টেছে, ডিজিটাল যুগে দাঁড়িয়ে এসব জিনিস কল্পনা করাটাই একটা বড় বিষয়। আগেই বলেছি সেসব মিষ্টি বানানোর লোকগুলো আজ আর নেই। বাঙালি হেঁসেল আজকাল উৎসবের দিনে ছুটিতে থাকে। জোমাটো, সুইগি আর রেডিমেড খাবার-দাবারেই ভরসা বেশি আজকাল। কারণ মানুষের হাতে সময় নাকি কম। আবার চিঠির জামানা গিয়ে মুঠোফোনের হোয়াটসঅ্যাপ মেসেজে আজকাল বিজয়া হয়ে যায়। সাথে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স হ্যাণ্ডেল। দশমীর সিঁদুর খেলা শেষ হতে না হতেই এখন ইনবক্স ভরে ওঠে ‘ফরওয়ার্ডেড’ মেসেজ, জিআইএফ, অ্যানিমেটেড স্টিকার কিংবা এআই  দিয়ে তৈরি ঝকঝকে শুভেচ্ছা বার্তায়। ফোনেই ভিডিও কলে দেখা সাক্ষাৎ, প্রণাম আর শুভেচ্ছার আদান-প্রদান। সাতসমুদ্র পেরিয়ে থাকা বন্ধুটির কয়েক সেকেন্ডে কাছেও পৌঁছে যায় বিজয়ার বার্তা। 


তবুও পরিবর্তনই জীবনের নিয়ম। মাধ্যম বদলালেও বিজয়ার ভালোবাসার সুরটি কিন্তু একই থেকে যায়। চিঠি হোক বা মুঠোফোন, সবকিছুতেই হয় প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসার আদান-প্রদান। অবশ্য যদি একটি মেসেজে নিজের মনের দুটো খাঁটি কথা লিখে পাঠানো যায়, তবে চিঠি আর ফোনের মেসেজের ফারাক থাকে না। ভালোবাসা থাকলে ততটাই আপন হয় মেসেজগুলো যতটা ছিল আজ থেকে কয়েক দশক আগের সেই চিঠির যুগে।

×
  • CTVN