Calcutta Television Network

এক হাতের 'বিশ্বকর্মা'!

এক হাতের 'বিশ্বকর্মা'!
21 September 2026 04:31:15 pm

মানুষের ইচ্ছাশক্তি ও লড়াইয়ের জেদ মাঝেমাঝে শারীরিক প্রতিবন্ধকতাকেও যে তুচ্ছ করে দিতে পারে, তার এক জীবন্ত উদাহরণ হুগলির মহেশ মাহাত। ভাগ্য তাঁর থেকে একটি হাত কেড়ে নিলেও, তাঁর ভেতরের শিল্পীসত্তা ও বেঁচে থাকার লড়াইকে স্তব্ধ করতে পারেনি। আজ তিনি আর পাঁচটা মানুষের কাছে শুধু একজন কারিগর নন, বরং মানুষের ভালোবাসায় হয়ে উঠেছেন 'এক হাতের বিশ্বকর্মা'। 

কয়েক বছর আগেও আর পাঁচজনের মতো সংসারের অভাব মেটাতে তারাবিহারি গ্রামের বাসিন্দা মহেশ,পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে সেন্টারিং-এর কাজ করার সময় আচমকাই তাঁর একটি হাতের ওপর ভারী পাটা পড়ে যায়। মারাত্মক সেই আঘাত অপারেশনের পরে সাময়িক ঠিক হলেও পরে তা ক্যান্সারের রূপ নেয়। চিকিৎসকদের পরামর্শে শেষ পর্যন্ত, তাঁর একটি হাত কেটে বাদ দিতে হয় । হাত হারানোর পর মহেশের সামনে নেমে আসে চরম অনিশ্চয়তা। কর্মক্ষমতা কমে যাওয়ায় এবং এক হাত না থাকায় কোনো জায়গাতেই তিনি কাজ পাচ্ছিলেন না। কিন্তু মহেশ হাল ছাড়ার পাত্র ছিলেন না। আর এখান থেকেই ঘুরে যায় মহেশের জীবন। 


কিছুদিন সংসারের তাগিদে সবজি বিক্রির পথ বেছে নিলেও মনের কোণে লুকিয়ে থাকা সৃজনশীলতাকে তিনি মরতে দেননি। নিজের অদম্য জেদ আর একাগ্রতাকে পুঁজি করে মহেশ শিখে ফেলেন শোলার কাজ। যে কাজে দুটি হাতের সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন, সেই কাজই তিনি স্রেফ একটি হাত দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে করতে শুরু করলেন। সোলার সূক্ষ্ম কারুকার্য থেকে শুরু করে পূজার প্যান্ডেলের নকশা, সবই ফুটে ওঠে তাঁর এক হাতের জাদুতে। বর্তমানে টালির চালের ঘরে স্ত্রী ও সন্তানকে নিয়ে টানাপোড়েনের সংসার হলেও এই শিল্পের উপার্জনেই তিনি সম্মানের সাথে দিন কাটাচ্ছেন।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিনগুলিতে যখন দর্শনার্থীরা মণ্ডপের অপরূপ কারুকার্য দেখে মুগ্ধ হন, তখন অনেকেই জানেন না যে এর পেছনে লুকিয়ে রয়েছে এক হাতের এক শিল্পীর রক্ত জল করা পরিশ্রম। বর্তমানে শ্রীরামপুর মহেশ কলোনির যুব শক্তি সংঘের মণ্ডপ সজ্জায় ব্যস্ত। মহেশ মাহাত প্রমাণ করে দিয়েছেন যে, শরীরের কোনো অংশ বাদ গেলেও যদি মনের জোর আর আত্মবিশ্বাস অটুট থাকে, তবে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। সমাজের হাজারো হতাশাগ্রস্ত মানুষের কাছে আজ মহেশ এক অনুপ্রেরণার নাম, যিনি নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিয়েছেন দেবশিল্পী বিশ্বকর্মার মতো, এক হাত দিয়েই।

×
  • CTVN